মালদা
করোনার কোপ জামাইষষ্ঠীর বাজারে
গাজোল, ১৫ জুন : বাঙালির বারো মাসে তেরো পার্বন। তার মধ্যে অন্যতম জামাইষষ্ঠী। এইদিনে জামাইকে নিয়ে চলে বিভিন্ন আচার অনুষ্ঠান পাশাপাশি চলে নানা ভাবে আদর আপ্যায়নের পালা।তবে জামাইষষ্ঠীর এই অনুষ্ঠানে কোপ ফেলেছে করোনা ভাইরাস৷ কোভিড সংক্রমণ রোধে কড়া বিধিনিষেধ জারি করেছে রাজ্যসরকার।
বাজার হাট খোলা রাখার নির্ধারিত সময় বেধে দেওয়া হয়েছে ফলে বেচাকেনা নেই। এমনটাই জানালেন বিক্রেতারা।মূলত জামাই ষষ্ঠীর প্রধান উপকরনের মধ্যে অন্যতম হলো বাঁশের তৈরি ডালা, কুলো ও তালপাতার হাত পাখা। সেই মোতাবেক দোকানিরা পশরা সাজিয়ে বসলেও দেখা নেই ক্রেতাদের। পাখা ব্যবসায়ী নিখিল হরিজন জানান, পাখা, কুলো মূলত মাকলা বাঁশ দিয়ে তৈরি করা হয়। এই বাঁশের চাহিদাও বেশি। অন্যান্যবার একটি বাঁশের দাম থাকতো ১০০ টাকা তবে এবছর সেই বাঁশ কিনতে হচ্ছে ১৫০ টাকা দরে। আর ব্যয়ের তুলনায় আয় কম হওয়ায় স্বভাবতই ক্ষতির মুখে বিক্রেতারা। অন্যদিকে একই পরিস্থিতি ফল বিক্রেতাদের। সকাল সকাল দোকান সাজিয়ে বসলেও সেরকম বিক্রি-বাট্টা নেই। বিধিনিষেধের জেরে বাজারের সময় বেঁধে দেওয়াতেই বিক্রি কম হচ্ছে বলে জানান বিক্রেতারা।
