ভাইরাল খবর
গণধর্ষণ কাণ্ডের মধ্যেই খুলছে কলেজ! সোমবার থেকে পঠনপাঠনের পথে কসবা ল কলেজ
ডিজিটাল ডেস্ক: গণধর্ষণ কাণ্ডে তোলপাড় হওয়ার পর অবশেষে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে কসবা সরকারি আইন কলেজ (Kasba Law College)। সবদিক বিবেচনা করে সম্ভবত আগামী সোমবার থেকেই (Monday) ফের শুরু হতে পারে পঠনপাঠন। শুক্রবার আলিপুর আদালতে এমনই জানান কলেজের আইনি প্রতিনিধি। যদিও এখনও বন্ধই থাকছে ইউনিয়ন রুম ও গার্ডরুম। সেগুলি ‘ক্রাইম সিন’ হিসেবে সংরক্ষিত থাকবে, জানানো হয়েছে পুলিশ সূত্রে।
কলেজ খোলার ক্ষেত্রে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে থাকছে পুলিশি প্রহরা। পরিচয়পত্র ছাড়া কলেজ চত্বরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ইতিমধ্যে অধ্যক্ষের সঙ্গে গভর্নিং বডির একপ্রস্থ আলোচনাও হয়েছে বলে জানা গিয়েছে। আরও একটি বৈঠক বসতে চলেছে সোমবার। শিক্ষাদপ্তরও বিষয়টি নিয়ে একটি বৈঠক সেরে ফেলেছে।
আরও পড়ুনঃ ধর্ষণ মামলার মধ্যেই এবার সিট বিক্রি! মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে নতুন বিস্ফোরক অভিযোগ
এদিকে, তদন্তে গতি আনতে শুক্রবার ভোর ৪টে নাগাদ চার অভিযুক্তকে নিয়ে ফের কলেজে যায় বিশেষ তদন্তকারী দল (SIT)। চলে ঘণ্টা চারেক ধরে ঘটনাস্থলের পুনর্নির্মাণ (Crime Scene Recreation)। গার্ডরুম ও ইউনিয়ন রুমে করা হয় থ্রি-ডি ম্যাপিং (3D Mapping)। এরপর অভিযুক্তদের নিয়ে লালবাজারে ফিরে যায় তদন্তকারী দল।
সূত্রের খবর, ঘটনার রাতে অভিযুক্তরা ছাত্রীকে ধর্ষণ করে সেই দৃশ্যের ভিডিও তোলে এবং তা একটি নির্দিষ্ট সোশ্যাল মিডিয়া গ্রুপে শেয়ারও করে। সেই গ্রুপে মনোজিৎ মিশ্র (Manojit Mishra), জায়েব আহমেদ (Zayeb Ahmed), প্রমিত ও আরও কয়েকজন ঘনিষ্ঠ সদস্য ছিল বলে জানতে পেরেছে পুলিশ। কারও মোবাইল থেকে সেই ভিডিও বাইরে ছড়িয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই রক্তের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে ডিএনএ পরীক্ষার (DNA Test) জন্য।
কলেজ ক্যাম্পাসের ভয়াবহ ঘটনার তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। তবে শিক্ষা-পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেই বার্তা দিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
