ভাইরাল খবর
কসবা ধর্ষণ-কাণ্ডে বিতর্কিত মন্তব্য, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় মদন মিত্রকে শোকজ করল তৃণমূল
ডিজিটাল ডেস্কঃ কসবার আইন কলেজে (Kasba Law College) ছাত্রীকে ঘিরে ঘটে যাওয়া গণধর্ষণ-কাণ্ডে যখন গোটা রাজ্য উত্তাল, পুলিশ দ্রুত তদন্তে অগ্রসর এবং শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC) নিজেই ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে, ঠিক সেই সময় বিতর্কিত মন্তব্য করে বেকায়দায় পড়লেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। অবশেষে তাঁর ওই মন্তব্যকে ‘অপ্রয়োজনীয় ও অসংবেদনশীল’ আখ্যা দিয়ে দল তাঁকে শোকজ করল।
রবিবার তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি (Subrata Bakshi) স্বাক্ষরিত একটি চিঠি মদন মিত্রকে পাঠানো হয়েছে। সেখানে তিন দিনের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে, বিধায়কের মন্তব্য দলের ভাবমূর্তিতে আঘাত করেছে এবং তৃণমূল যে কঠোর অবস্থান নিয়েছে, তার পরিপন্থী।
এক সাংবাদিক সম্মেলনে মদন মিত্র প্রশ্ন তোলেন, “সন্ধ্যার পর ছাত্রী কেন কলেজ চত্বরে ছিলেন?” এই প্রশ্নকেই অত্যন্ত বেফাঁস ও অনভিপ্রেত বলে মনে করছেন দলের শীর্ষ নেতৃত্ব। বিশেষ করে যখন পুলিশ ঘটনার ১২ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তদের গ্রেফতার করেছে, SIT গঠন করেছে এবং শাসক দলের মুখপাত্ররা একের পর এক বিবৃতিতে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন—তখন এমন মন্তব্য শাসকদলের ভাবমূর্তিকে ধাক্কা দিয়েছে বলেই দল মনে করছে।
উল্লেখ্য, তৃণমূল ইতিমধ্যেই মদন মিত্র ও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) মন্তব্য থেকে দূরত্ব নিয়েছে। শুক্রবার রাতে দল সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিল, এই মন্তব্য দু’জনের ব্যক্তিগত মত, দলের অবস্থানের প্রতিফলন নয়। তবে রবিবার পরিস্থিতি আরও কঠোর রূপ নেয়, যখন মদন মিত্রকে সরাসরি শোকজ করা হয়। এখন দেখার, তিনি দলকে কী ব্যাখ্যা দেন এবং তৃণমূল পরবর্তীতে কী সিদ্ধান্ত নেয়।
