রাজ্যের খবর
কালভার্টের নিচে সিভিক ভলান্টিয়ারের দেহ, দুর্ঘটনা নাকি রহস্য?
ডিজিটাল ডেস্কঃ মুর্শিদাবাদের সাগরপাড়ার জয়পুর এলাকায় এক সিভিক ভলান্টিয়ারের রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে জয়পুর কালভার্টের নিচ থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। মৃতের নাম আবদুর রউফ (৩৫), বাড়ি কুতুবপুরে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে থানার ডিউটি শেষে বাইকে করে রওনা দেন তিনি, কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা কালভার্টের নিচে রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ পড়ে থাকতে দেখেন। তাঁর মোটরসাইকেলের শকারের মধ্যে একটি পা আটকে ছিল।
আরও পড়ুনঃ ‘হারাম’ কাজ করেছেন সলমন? শরিয়ত লঙ্ঘনের অভিযোগ
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গভীর রাতে দ্রুতগতিতে বাইক চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। যেহেতু এলাকা নির্জন, তাই রাতের দুর্ঘটনার কথা কেউ জানতেও পারেনি। এমনকি পরিবারের তরফ থেকেও তাঁকে ফোন করা হয়নি, কারণ তিনি প্রায়ই রাতে ডিউটিতে থাকতেন।
মৃতের স্ত্রী মৌসুমি বিশ্বাস জানান, “বাড়ির কারও কাছে মোবাইল নম্বর না থাকায় রাতে ফোন করতে পারিনি। তাছাড়া, রাতে প্রায়ই ডিউটি থাকায় আমরা চিন্তিত হইনি।” খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ইদের আগের দিন এমন মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে
