রাজনীতি
অখিল গিরিকে ধাক্কা! অভিযোগ পুলিশের বিরুদ্ধে
নিউজ ডেস্ক: ফের উত্তপ্ত কাঁথি। রাজনীতির পারদ যে কখন কী ভাবে ঊর্ধ্বমুখী হয়ে যায়, তা বোঝা খুব মুশকিল। এবার নিজের এলাকাতেই আক্রান্ত তৃণমূল বিধায়ক। নিজের কেন্দ্র রামনগরেই পুলিশের হাতে ‘হেনস্থা’র শিকার হলেন তৃণমূল বিধায়ক অখিল গিরি। ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন মন্ত্রী। তুমুল উত্তেজনা এলাকায়।
কাঁথি বলে কথা! সমবায়ের ভোট ঘিরে দফায় দফায় উত্তপ্ত কাঁথি। এদিন কাঁথি কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের পরিচালন সমিতির ভোট শুরু হতেই অশান্ত হয় এলাকা। সকাল বেলায় ঝামেলা হয় সুপ্রকাশ গিরির সঙ্গে। বেলা বাড়তেই রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরির সঙ্গে তুমুল ধস্তাধস্তি হয় পুলিশ কর্মীদের বলে অভিযোগ।
ডিএসপি আবু নূর হোসেনের বিরুদ্ধে অভিযোগ তোলেন অখিল। প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক অখিল গিরির অভিযোগ, বিজেপির মদতে ভুয়ো ভোটার ঢোকানো হচ্ছিল। তাঁর প্রতিবাদ করায় পুলিশ আমার গায়ে হাত তুলেছে। এমনকি রামনগর কলেজের সামনে অখিল গিরিকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার হয় বলে অভিযোগ। এতে করে তৃণমূল বিধায়কের কোমরে, মাথায় চোট পান।
আরও পড়ুন – মালদহ থেকে কলকাতায় বেআইনি অস্ত্র! এসটিএফের জালে ধৃত দুই যুবক
ঘটনার প্রতিবাদে রামনগর থানার সামনে তুমুল বিক্ষোভ দেখান অখিল-অনুগামীরা। ১১৬ বি জাতীয় সড়কের উপরও বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। ইতিমধ্যে ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে। তাতে বিধায়ককে পিছন দিকে চেপে ধরে সরিয়ে নিয়ে যেতে দেখা গিয়েছে পুলিশ বাহিনীকে। অখিল গিরিও নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিলেন। তার জেরেই শুরু হয় ধস্তাধস্তি! পরে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে অখিলকে।
এদিন অখিল গিরি বলেন, আধার কার্ডের প্রতিলিপি উপযুক্ত নথি নয় বলে জানিয়ে পুলিশ ভোটারদের বাধা দিচ্ছিল। তা নিয়ে বিবাদের খবর পেয়ে সেখানে গিয়ে তিনি হেনস্থার স্বীকার হয়েছেন বলে দাবি বিধায়কের।
পুলিশের হাতে যদি তৃণমূল বিধায়ককে আক্রান্ত হতে হয়, তাহলে তার দায় তাদের। যদিও এখনও পুলিশের তরফে এবিষয়ে নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
আরও পড়ুন – বেলেঘাটায় রক্তাক্ত দেহ! খুন নাকি প্রতিশোধ? রহস্য ঘনাচ্ছে যুবকের মৃত্যু
