রাজনীতি
বিধানসভায় প্রবেশের আগে গাড়ি তল্লাশি, বিরোধীদের তীর্যক মন্তব্য
ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গ বিধানসভায় (West Bengal Legislative Assembly) শুক্রবার সকাল থেকেই নজিরবিহীন নিরাপত্তা। প্রবীণ বিধায়করাও মনে করতে পারছেন না শেষ কবে এমন কঠোর তল্লাশি চালানো হয়েছিল। শাসকদল কিংবা বিরোধী—সব বিধায়কের গাড়ি গেটে দাঁড় করিয়ে চলছে চুলচেরা তল্লাশি (High Security Checking)। গাড়ির বনেট, ডিকি, এমনকি ডিকির ব্যাগও খতিয়ে দেখা হচ্ছে।
বিধায়ক সৌমিক হোসেন (Soumik Hossain) জানালেন, “এর আগে কোনওদিন বিধানসভার গেটে এমন তল্লাশি দেখিনি।” সূত্রের খবর, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) নির্দেশেই এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় কাঁধে কাঁধ মিলিয়ে তদন্তে যুক্ত হবে আমেরিকা-ব্রিটেন
সম্প্রতি নবান্ন (Nabanna)-তেও দেখা গিয়েছিল বাড়তি নিরাপত্তা। চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের জেরে সে সময় প্রবেশের সময় গাড়ি ও ব্যক্তিগত তল্লাশি করা হচ্ছিল। আইডেন্টিটি কার্ড দেখানোর পরেই মিলছিল প্রবেশের অনুমতি।
বিশেষ সূত্রের মতে, চাকরিহারা শিক্ষকরা যেহেতু নতুন করে পাঁচ দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন, এবং তাঁদের প্রতিনিধি দল শুক্রবার স্পিকারের সঙ্গে দেখা করতে চেয়েছেন, সেজন্যই বিধানসভায় বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে। যদিও সরকারি ভাবে তল্লাশির কারণ স্পষ্ট করা হয়নি।
এদিকে, বিধানসভার মধ্যে নিরাপত্তার এই কড়াকড়ি নিয়ে বিজেপি (BJP) বিধায়করা কটাক্ষ করতে ছাড়েননি। তাঁদের কেউ কেউ মজার ছলে বলছেন, “আমরা যেন ভুল করে তুলসী গাছ নিয়ে বিধানসভায় ঢুকে না পড়ি, তাই হয়তো এমন তল্লাশি চলছে!”
