খুন
বেলেঘাটায় রক্তাক্ত দেহ! খুন নাকি প্রতিশোধ? রহস্য ঘনাচ্ছে যুবকের মৃত্যু
ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার বেলেঘাটার কলিমুদ্দিন সরকার লেনের একটি ফ্ল্যাট থেকে রোহন মণ্ডল নামে এক যুবকের দেহ উদ্ধার হয়। তিনি ওই ফ্ল্যাটে একাই থাকতেন। দেহ উদ্ধারের সময় রক্তে ভেসে যাচ্ছিল পুরো ঘর, পিঠ-সহ শরীরের একাধিক জায়গায় ছিল গভীর ক্ষতচিহ্ন।বেলেঘাটায় এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রথমে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর পুলিশ নিশ্চিত হয়েছে—এটি একটি ঠাণ্ডা মাথার খুন। পুলিশের অনুমান, বাইরে থেকে কেউ ওই ফ্ল্যাটে ঢুকে পরিকল্পিতভাবে রোহনকে হত্যা করেছে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, কীভাবে খুন করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুনঃ নৃশংস হত্যাকাণ্ড! গলাকাটা অবস্থায় উদ্ধার হল নিখোঁজ মহিলার দেহ
স্থানীয়দের দাবি, বছরখানেক আগে বিয়ে করেছিলেন রোহন, তবে তাঁর স্ত্রী তাঁর সঙ্গে থাকতেন না। কেন তাঁরা আলাদা ছিলেন, এই ঘটনার সঙ্গে ওই তরুণীর কোনও যোগসূত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছে তদন্তকারীরা। পুলিশ ইতিমধ্যেই রোহনের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তাঁর বন্ধু ও পরিচিতদেরও ডাকা হতে পারে বলে সূত্রের খবর। পাশাপাশি, ফ্ল্যাটের আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা মনে করছেন, ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনও কারণে এই হত্যাকাণ্ড, তা জানার জন্য আরও তথ্য প্রয়োজন।
এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। রহস্যজনক এই হত্যাকাণ্ডের পিছনে কী রহস্য লুকিয়ে আছে, তা জানতে মরিয়া পুলিশ।
