ভাইরাল খবর
বিএলএ-দের নিয়ে মেগা বৈঠক, জাতীয় ভোটার দিবসে মিছিলের ডাক অভিষেকের
ডিজিটাল ডেস্কঃ সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ (Logical Discrepancy) তালিকা প্রকাশের প্রস্তুতির মাঝেই সংগঠনকে আরও চাঙ্গা করতে বড় বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার রাজ্যজুড়ে এক লক্ষেরও বেশি জনপ্রতিনিধি ও বুথ লেভেল এজেন্টদের (BLA-2) নিয়ে ভার্চুয়াল বৈঠকে তিনি ঘোষণা করেন, তালিকা প্রকাশের পরই বুথে বুথে গঠন হবে ‘ভোট রক্ষা’ কমিটি।
এই কমিটিতে বুথ সভাপতি ও বিএলএ-দের অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, জাতীয় ভোটার দিবস (National Voters’ Day) উপলক্ষে রবিবার ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিলের ডাক দেন অভিষেক। তাঁর অভিযোগ, SIR প্রক্রিয়া (Special Intensive Revision) অপরিকল্পিত হওয়ায় সাধারণ ভোটারদের চরম হয়রানির মুখে পড়তে হচ্ছে।
বৈঠকেই সাংসদ ও বিধায়কদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে অভিষেক বলেন, “যাঁরা দায়িত্ব পালন করবেন না, দল তাঁদের পাশে দাঁড়াবে না।” তাঁর দাবি, লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে প্রায় ১.৩৬ কোটি ভোটারের নাম প্রশ্নের মুখে। অনেক জায়গায় নোটিস না টাঙানো ও কমিশনের নির্দেশ অমান্যের অভিযোগও ওঠে।
ভোটারদের পাশে দাঁড়াতে এবং চূড়ান্ত তালিকা প্রকাশের আগে হয়রানি রুখতেই এই আন্দোলনের রূপরেখা বলেই তৃণমূল সূত্রে খবর।


