দুর্ঘটনা
ধর্ষণের মামলায় জামিন, আদালতের মন্তব্য: ছাত্রী ‘নিজেই পরিস্থিতি তৈরি করেছেন’
ডিজিটাল ডেস্কঃ এক স্নাতকোত্তর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া এক ব্যক্তিকে জামিন দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। মামলার শুনানিতে আদালতের পর্যবেক্ষণ ছিল অত্যন্ত বিতর্কিত। বিচারপতি সঞ্জয় কুমার সিং-এর মতে, অভিযোগকারী ছাত্রী নিজেই এমন পরিস্থিতির জন্ম দিয়েছিলেন, যার দায় তাঁর নিজেরই।
২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ঘটে যাওয়া ঘটনাটিতে, নয়ডার এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী দিল্লির একটি বারে তাঁর তিন বান্ধবীর সঙ্গে যান। সেখানে তাঁদের সঙ্গে অভিযুক্ত সহ আরও কিছু পুরুষ পরিচিতের দেখা হয়। বার অ্যান্ড বেঞ্চের প্রতিবেদনে বলা হয়, রাতভর মদ্যপানের একপর্যায়ে ওই ছাত্রী নেশাগ্রস্ত হয়ে পড়েন এবং অভিযুক্ত তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন।
আরও পড়ুনঃ মহাকাশে রেকর্ড সৃষ্টি: স্পিনলঞ্চের মাধ্যমে একসঙ্গে উৎক্ষেপণ হবে শতাধিক স্যাটেলাইট
পুলিশে করা অভিযোগে বলা হয়েছে, ছাত্রীটি বারবার নয়ডায় তাঁর বাড়ি ফিরতে চাইলেও অভিযুক্ত তাঁকে গুরগাঁওয়ের একটি ফ্ল্যাটে নিয়ে যান, যেখানে তাঁর ওপর যৌন নির্যাতন চালানো হয়। তবে অভিযুক্ত আদালতে দাবি করেন, সম্পর্কটি ছিল পরস্পরের সম্মতিতে। তাঁর ভাষায়, তিনি শুধুমাত্র ছাত্রীর অনুরোধে তাঁর পাশে ছিলেন এবং তাঁকে বিশ্রাম নেওয়ার সুযোগ করে দিয়েছিলেন। ঘটনার সময় কোনোরকম বলপ্রয়োগ করা হয়নি বলেও তাঁর দাবি।
বিচারপতি সিং-এর পর্যবেক্ষণ আরও আলোচনার জন্ম দিয়েছে। তিনি বলেন, ‘‘ছাত্রীটি একজন স্নাতকোত্তর শিক্ষার্থী হওয়ায় তাঁর কর্মের পরিণতি ও নৈতিকতা বোঝার সক্ষমতা রয়েছে। ফলে পুরো ঘটনার দায় একপাক্ষিকভাবে অভিযুক্তের ওপর চাপানো যায় না।’’ আদালত আরও জানায়, মেডিকেল পরীক্ষায় হাইমেন ছিঁড়ে যাওয়ার তথ্য থাকলেও চিকিৎসকেরা স্পষ্টভাবে ধর্ষণের বিষয়ে চূড়ান্ত কিছু বলেননি।
