বাংলাদেশ
আওয়ামি লিগ নিষিদ্ধ, জঙ্গিরা চালাচ্ছে দেশ – অন্তর্বর্তী সরকারকে একহাত শেখ হাসিনার
ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের রাজনীতিতে নতুন করে অগ্নিগর্ভ পরিস্থিতি, ইউনুসের বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ শেখ হাসিনার (Sheikh Hasina)। চলতি বছরেই নির্বাচন আয়োজনের দাবিতে সেনাবাহিনীর চাপ, সেই প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুসের (Dr. Muhammad Yunus) পদত্যাগের সম্ভাবনা নিয়ে যখন রাজনৈতিক মহলে জোর জল্পনা, তখনই আগুনে ঘি ঢাললেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক সোশাল মিডিয়া বার্তায় হাসিনা সরাসরি অভিযোগ করলেন, ”দেশ আজ জঙ্গিদের হাতে। আর এই সবকিছুর মূলে আছেন ইউনুস। তিনি বিচ্ছিন্নতাবাদীদের মদতে দেশ চালাচ্ছেন এবং বাংলাদেশকে কার্যত তুলে দিয়েছেন আমেরিকার (USA) হাতে।”
প্রাক্তন প্রধানমন্ত্রীর এই মন্তব্যের প্রেক্ষিতে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, গত কয়েক মাস ধরেই আওয়ামি লিগকে (Awami League) নিষিদ্ধ ঘোষণা এবং একাধিক জঙ্গি ও রাজাকারের মুক্তির ঘটনার জেরেই এই তীব্র আক্রমণ শানিয়েছেন হাসিনা।
সোশাল মিডিয়ায় শেখ হাসিনা আরও লেখেন, “বাংলাদেশের সংবিধান এসেছে মুক্তিযুদ্ধের রক্তের বিনিময়ে। সেই জাতিকে আপনি কোন অধিকারে সন্ত্রাসবাদীদের হাতে তুলে দিচ্ছেন? এই সরকারের কোনও গণতান্ত্রিক ভিত্তি নেই, সাংবিধানিক স্বীকৃতিও নেই। তাহলে কীভাবে এতবড় সিদ্ধান্ত নিচ্ছেন তাঁরা?”
আরও পড়ুনঃ ফেসবুক বিতর্কের পরই কঠোর পদক্ষেপ, তেজপ্রতাপকে ছেঁটে ফেলল পরিবার
প্রাক্তন প্রধানমন্ত্রী সাফ জানিয়েছেন, ”আওয়ামি লিগকে নিষিদ্ধ করা হয়েছে শুধুই জঙ্গিদের তুষ্ট করতে। আমাদের আমলে যেসব জঙ্গি নেতাকে কঠোর হাতে দমন করা হয়েছিল, আজ তাদের জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। দেশ এখন জঙ্গি-নিয়ন্ত্রিত। আর সেই ছায়াতেই ক্ষমতা ভোগ করছেন ইউনুস।”
শেখ হাসিনা এই পোস্টে আমেরিকার প্রতি ইউনুসের অতিরিক্ত নির্ভরতার কথাও কটাক্ষের সুরে তুলে ধরেন। তাঁর ভাষায়, “আমার পিতা শেখ মুজিবর রহমানের (Sheikh Mujibur Rahman) কাছে আমেরিকা সেন্ট মার্টিন্স দ্বীপ চেয়েছিল, তিনি দেননি। তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় জীবন দিয়েছেন। আমি নিজেও বিনিময়ের রাজনীতি করি না। আজ যারা দেশ চালাচ্ছেন, তারা আমাদের সেই ঐতিহ্যকে বিকিয়ে দিচ্ছেন।”
আওয়ামি লিগের নেতারা মনে করছেন, এই বিস্ফোরক মন্তব্য ইউনুসের সরকারের উপর চাপ বাড়াবে। বিশেষ করে যেভাবে শেখ হাসিনা বিষয়টিকে মুক্তিযুদ্ধ ও জাতীয়তাবাদের আবেগের সঙ্গে জুড়ে দিয়েছেন, তা জনগণের মধ্যে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
উল্লেখযোগ্যভাবে, এই প্রথম নয়— ইউনুস ও শেখ হাসিনার মধ্যে রাজনৈতিক টানাপোড়েন বহুদিনের। তবে এই আক্রমণ যে সরাসরি দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নীতির প্রশ্নে আঘাত হেনেছে, তা বলার অপেক্ষা রাখে না।
