খুন
তৃণমূল বুথ সভাপতির উপর শাবল দিয়ে হামলা, মৃত্যুর আগে তুলে দিলেন নাম
ডিজিটাল ডেস্কঃ ফের রাজনৈতিক হিংসায় উত্তাল মুর্শিদাবাদ। ভরতপুরের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার রেজিনগরে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি প্রতীত পাল (Pratit Pal)। উত্তর কলোনি এলাকার বাসিন্দা প্রতীত বৃহস্পতিবার রাতে টোটোতে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২১ জুলাই সন্ধ্যায় একদল দুষ্কৃতী আচমকাই তাঁর উপর হামলা চালায়। শাবল দিয়ে মাথা ও শরীরে একাধিকবার আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
আরও পড়ুনঃ ব্যক্তিগত ভিডিও বিতর্কে নাম জড়িয়ে বিক্ষুব্ধ দিলীপ ঘোষ, লালবাজারে তদন্তের দাবি বিজেপি নেতার
তৃণমূল ব্লক সভাপতি মঞ্জুর শেখ (Manjur Sheikh) জানিয়েছেন, “প্রতীতবাবু আমাদের দলের বুথ সভাপতি ছিলেন। মৃত্যুর আগে অভিযুক্তদের চিনে নিয়েছিলেন।” ইতিমধ্যেই ছয়জনের নামে রেজিনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র (Subrata Maitra) এই ঘটনার দায় এড়িয়ে বলেন, “জুলাইতেই তৃণমূলের ৬ কর্মীর মৃত্যু হয়েছে। এর জন্য বিজেপিকে দায়ী করা অযৌক্তিক। আমাদের ওই অঞ্চলে সংগঠন তেমন নেই।”
রাজনৈতিক সংঘর্ষ নাকি ব্যক্তিগত শত্রুতা— খতিয়ে দেখছে প্রশাসন।