দুর্ঘটনা
ফের ট্রেন দুর্ঘটনা, শালিমার-সম্বলপুর এক্সপ্রেসের জেনারেল কামরা লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
ডিজিটাল ডেস্কঃ ফের ওড়িশায় ট্রেন দুর্ঘটনা। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে শালিমার-সম্বলপুর এক্সপ্রেসের (Shalimar-Sambalpur Express) একটি জেনারেল কামরা লাইনচ্যুত হয়ে যায় সম্বলপুর স্টেশনের ঠিক আগে। যদিও গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে, জানাচ্ছেন রেল আধিকারিকরা। যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ালেও, এই ঘটনায় কেউ হতাহত হননি বলে নিশ্চিত করেছে রেল কর্তৃপক্ষ।
রেল সূত্রে খবর, সকাল ৯টা ১৮ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। সম্বলপুর (Sambalpur) স্টেশনের কাছাকাছি পৌঁছনোর সময় হঠাৎই ট্রেনের একটি জেনারেল বগি লাইনের ধাপে উঠে পড়ে। তা নজরে আসতেই চালক দ্রুত ট্রেন থামিয়ে দেন। যাত্রীদের তৎক্ষণাৎ নিরাপদে বগি থেকে নামিয়ে আনা হয় এবং স্টেশনে পৌঁছে দেওয়া হয়।
আরও পড়ুনঃ তৃণমূল পঞ্চায়েত সদস্যের পরিবারের উপর হামলা? কাকদ্বীপে রহস্যময় খুনে উঠছে প্রশ্ন
ঘটনার খবর পেয়েই রেল এবং পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা ঘটনাস্থলে ছুটে যান। কী কারণে এই লাইনচ্যুতি, তা এখনও স্পষ্ট নয়। তবে রেলওয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
দুর্ঘটনার জেরে আপাতত সম্বলপুর শাখার ট্রেন চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে। রেলের তরফে যাত্রীদের অন্য ট্রেনে স্থানান্তরিত করার ব্যবস্থা করা হচ্ছে বলে জানানো হয়েছে।
সাম্প্রতিক সময়ে পরপর ট্রেন দুর্ঘটনার ঘটনায় উদ্বেগ বাড়ছে যাত্রীদের মধ্যে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি তুলেছেন স্থানীয়রা।