দেশ
পাকিস্তান স্পন্সরড সন্ত্রাস ফাঁস করতে বিদেশ সফরে যাচ্ছে সর্বদলীয় প্রতিনিধিদল
ডিজিটাল ডেস্কঃ কাশ্মীর ইস্যুতে পাকিস্তান স্পনসর্ড সন্ত্রাসবাদের বিরুদ্ধে কূটনৈতিক স্তরে বড় পদক্ষেপ নিচ্ছে ভারত। কেন্দ্রীয় সরকার এবার সর্বদলীয় প্রতিনিধিদল গঠনের সিদ্ধান্ত নিয়েছে, যারা আন্তর্জাতিক মহলে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অবস্থান তুলে ধরবে। সূত্রের খবর, এই প্রতিনিধিদলে কংগ্রেস নেতা ও প্রাক্তন কূটনীতিক শশী থারুর (Shashi Tharoor)–কে অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারের এই মনোনয়নকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে, বিশেষত কংগ্রেসের ‘লক্ষ্মণরেখা’ (Laxmanrekha) মন্তব্যের ঠিক একদিন পরেই এই সিদ্ধান্ত নেওয়ায়।
জানা গিয়েছে, ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)-এর সাফল্যের পর পাকিস্তান–প্রভাবিত জঙ্গি নেটওয়ার্কের আসল চেহারা আন্তর্জাতিক মহলে তুলে ধরার লক্ষ্যে এই সফরের পরিকল্পনা করেছে ভারত সরকার। পররাষ্ট্র মন্ত্রকের (MEA) তত্ত্বাবধানে প্রতিনিধিদলটি আগামী সপ্তাহে ১০ দিনের বিদেশ সফরে যাবে। সফরের আগে সাংসদদের দেওয়া হবে বিস্তারিত কূটনৈতিক ব্রিফিং। প্রতিনিধি দলকে বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠীতে ভাগ করে পাঠানো হবে নির্ধারিত দেশগুলিতে।
আরও পড়ুনঃ চাকরির দাবিতে বিকাশভবনের সামনে অবস্থান, পাশে পড়ুয়ারাও
সর্বদলীয় প্রতিনিধিদলে থাকবেন কারা?
সরকার বিরোধী দলগুলির সঙ্গেও ইতিমধ্যেই যোগাযোগ করেছে এবং তাতে সাড়া মিলেছে বলেই সূত্রের খবর। পিটিআই (PTI) সূত্রে জানা গিয়েছে, এই প্রতিনিধি দলে বিজেপি (BJP), কংগ্রেস (Congress), তৃণমূল কংগ্রেস (TMC), ডিএমকে (DMK), এনসিপি (SP), জেডিইউ (JDU), বিজেডি (BJD), সিপিআই(এম) (CPI-M) সহ একাধিক দলের সাংসদরা অংশ নেবেন। মোট সদস্যসংখ্যা এখনও চূড়ান্ত হয়নি, তবে অনুমান করা হচ্ছে ৩০ জনেরও বেশি সাংসদ এই মিশনে যোগ দিতে পারেন।
পররাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সাংসদদের ২২-২৩ মে’র মধ্যে বিদেশ সফরের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। মিশনের সময়সূচি ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য তাঁদের হাতে পৌঁছে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের জঙ্গি মদতদানের বিষয়টি তুলে ধরার পাশাপাশি ভারতের সন্ত্রাসবিরোধী অবস্থানকে আরও জোরালো করার পরিকল্পনা রয়েছে। শশী থারুরের মতো অভিজ্ঞ কূটনীতিক ও সাংসদের অন্তর্ভুক্তি এই মিশনকে আন্তর্জাতিক ক্ষেত্রে আরও গ্রহণযোগ্যতা দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
