সুপ্রিম কোর্টে পিছোল আইপ্যাক মামলা, পরবর্তী শুনানি কবে? রাজনৈতিক উত্তাপ তুঙ্গে
Connect with us

রাজ্যের খবর

সুপ্রিম কোর্টে পিছোল আইপ্যাক মামলা, পরবর্তী শুনানি কবে? রাজনৈতিক উত্তাপ তুঙ্গে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সুপ্রিম কোর্টে (Supreme Court) ফের পিছিয়ে গেল আইপ্যাক (I-PAC) সংক্রান্ত মামলা। মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও রাজ্যের তরফে প্রধান আইনজীবী কপিল সিব্বল (Kapil Sibal) শারীরিক অসুস্থ হওয়ায় আদালতে সময় চাওয়া হয়। সেই আবেদন মঞ্জুর করে বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চ পরবর্তী শুনানির দিন হিসেবে আগামী ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে।

প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারি বিচারপতি প্রশান্তকুমার মিশ্র ও বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। তার আগেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটি হলফনামা (Affidavit) জমা দেয়। সেখানে ইডির (ED) দায়ের করা মামলা খারিজের আবেদন জানানো হয়। রাজ্যের দাবি, এই মামলাটি দায়ের করার আইনগত অধিকার ইডির নেই এবং তল্লাশির পদ্ধতিও ছিল ত্রুটিপূর্ণ।

রাজ্যের তরফে আরও জানানো হয়, ইডির তল্লাশিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কোনওভাবেই বাধা দেননি। অনুমতি নিয়েই দলের নথিপত্র সংগ্রহ করা হয়েছিল। অন্যদিকে, ইডির তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা (Tushar Mehta) রাজ্যের হলফনামার জবাব দিতে সময় চান।

Advertisement
ads

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি কয়লা পাচার মামলা (Coal Smuggling Case) সংক্রান্ত তদন্তে ইডি আইপ্যাক অফিস (I-PAC Office) ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের (Pratik Jain) বাড়িতে তল্লাশি চালায়। সেই সময় মুখ্যমন্ত্রীর উপস্থিতিকে ঘিরেই এই মামলার সূত্রপাত। রাজনৈতিক ও প্রশাসনিক মহলের নজর এখন ১৮ ফেব্রুয়ারির শুনানির দিকে।