ভাইরাল খবর
ভোটের আগে ১০০ কোটির সম্পত্তি পাচার? অবশেষে পুলিশের খাঁচায় অদিতি মুন্সির স্বামী দেবরাজ
ডিজিটাল ডেস্কঃ কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আগাম জামিনের আবেদন খারিজ হতেই রাজ্য পুলিশের এসটিএফ (STF) এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের যৌথ অভিযানে পুরুলিয়া-ঝাড়খণ্ড সীমানা থেকে গ্রেফতার হলেন প্রভাবশালী তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী। তিনি বিধাননগর পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ এবং প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির (Aditi Munsi) স্বামী।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দেবরাজের বিরুদ্ধে বাগুইআটি থানায় তোলাবাজি, সিন্ডিকেট রাজ, এবং ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার (Post-Poll Violence) মামলা রয়েছে। এছাড়াও তাঁর বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তি ও অর্থপাচারের (Money Laundering) মতো গুরুতর অভিযোগ এনেছিলেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। তাঁর দাবি, এই দম্পতি প্রায় ১৩০০ কোটি টাকার বেআইনি সম্পত্তি গড়ে তুলেছেন এবং ভোটের আগে অন্তত ১০০ কোটি টাকার সম্পত্তি বেনামে হস্তান্তর করেছেন।
আদালত চার মাসের সন্তানের কথা ভেবে অদিতি মুন্সিকে রক্ষাকবচ দিলেও দেবরাজের আবেদন নাকচ করে দেয়। এরপরই আধুনিক প্রযুক্তির (Technology) সহায়তায় পুলিশ জানতে পারে যে, দেবরাজ পুরুলিয়ার অযোধ্যা পাহাড়তলি এলাকার একটি হোটেলে আত্মগোপন করে আছেন। সেখানে স্থানীয় রাজনৈতিক যোগাযোগের ভরসায় গা ঢাকা দিলেও শেষরক্ষা হল না। বুধবার রাতে বিশেষ দল গঠন করে তাঁকে গ্রেফতার করা হয়।
