ভাইরাল খবর
রাহুলের পর এবার তেজস্বীর সভায় মোদির মা-কে গালিগালাজ, ক্ষুব্ধ বিজেপি
ডিজিটাল ডেস্কঃ বিহার (Bihar) ভোট যতই এগোচ্ছে, ততই উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিবেশ। ফের বিতর্কের কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) প্রয়াত মা হীরাবেন মোদিকে (Heeraben Modi) নিয়ে করা অশালীন মন্তব্য। এবার অভিযোগ উঠেছে আরজেডি (RJD) নেতা তেজস্বী যাদবের (Tejashwi Yadav) সভা থেকে।
বিজেপির (BJP) তরফে দাবি করা হয়েছে, বিহার অধিকার যাত্রার (Bihar Adhikar Yatra) মঞ্চ থেকে কিছু কর্মী প্রধানমন্ত্রী মোদির মাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। বিজেপির অভিযোগ, সেই সময়ে মঞ্চে উপস্থিত ছিলেন তেজস্বী নিজে এবং তিনি এই আচরণে উৎসাহও দিয়েছেন।
বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী (Samrat Choudhary) তাঁর এক্স (X formerly Twitter) হ্যান্ডলে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে এই ঘটনা ধরা পড়েছে বলে দাবি। ভিডিওটি দ্রুত ভাইরাল (Viral) হয়ে যায়।
এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই (Nityanand Rai) বলেন,
“তেজস্বী যাদব কালিয়ানাগের মতো বিষ ছড়াচ্ছে। কংসের (Kansa) মতোই তাঁরও রাজনৈতিক পরিণতি হবে। বিহারবাসীই এর জবাব দেবে।”
বিজেপির অন্যান্য নেতারাও এই ঘটনার তীব্র নিন্দা করে তেজস্বীর বিরুদ্ধে একের পর এক পোস্ট করছেন। কেউ তাঁকে কংস, কেউ বা কালিয়া নাগের (Kaliya Naag) সঙ্গে তুলনা করছেন।
এর আগেও রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভোটার অধিকার যাত্রা চলাকালীন একই ধরনের অভিযোগ উঠেছিল। সেই সময় সভাস্থলে কংগ্রেসের কোনও শীর্ষ নেতৃত্ব না থাকলেও বিজেপি বিষয়টিকে ভোটের ইস্যু করে বিহারে বনধ (Bandh) পর্যন্ত ডাকে। প্রধানমন্ত্রী নিজেও মন্তব্য করেন,
“আমার মা-কে যারা গালি দিয়েছে, তাঁদের আমি ক্ষমা করলেও বিহার করবে না।”
এই প্রেক্ষাপটে তেজস্বীর সভার ভিডিও সামনে আসতেই বিজেপি বিষয়টিকে কেন্দ্র করে আরও আক্রমণাত্মক অবস্থান নিয়েছে। রাজনৈতিক মহলের মতে, এটি স্পষ্টতই নির্বাচনের আগে বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠছে।
তবে আরজেডি পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। দলীয় নেতৃত্বের বক্তব্য,
“যারা ওই ভাষা ব্যবহার করেছে, তারা আমাদের দলের কেউ নয়। এটি আমাদের বিরুদ্ধে একটি সাজানো ষড়যন্ত্র (Political Conspiracy)।”
তেজস্বীর কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও না মিললেও, রাজনৈতিক চাপ ক্রমেই বাড়ছে। এই বিতর্ক বিহার ভোটে ঠিক কতটা প্রভাব ফেলবে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।


