মালদা
তল্লাশি অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ মোবাইল, আটক তিন
নিজস্ব সংবাদদাতা, মালদা , ১৩ এপ্রিল : নাকা চেকিং চলাকালীন তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোন সহ তিন পাচারকারীকে গ্রেফতার করল পুরাতন মালদা থানার পুলিশ।
মঙ্গলবার সকালে মালদার নারায়নপুর এলাকার চেঁচুমোড় সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে আটক করা হয়। এদিন এলাকার একটি গাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তিন পাচারকারীর নাম মহম্মদ ইউনিস, মহম্মদ ফিরোজ এবং মহম্মদ জাভেদ। এদের বাড়ি বিহারের কাটিহার এলাকায়। জানা গিয়েছে, এদিন কাটিহার থেকে আসার সময় মালদার নারায়ণপুরের কাছে নাকা চেকিং চলাকালীন তাদের গাড়ি আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ব্যবহৃত প্রায় ৫৩৭টি চোরাই মোবাইল বাজেয়াপ্ত করা হয়।এর প্রামাণ্যস্বরুপ কোন কাগজ তারা দেখাতে পারেনি।আটক করা হয়েছে তাদের সঙ্গে থাকা গাড়িটিকেও। বস্তাবন্দী করে মোবাইলগুলি কালিয়াচক থানা এলাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশী হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে মঙ্গলবার তাদের মালদা আদালতে পেশ করে তদন্তকারী পুলিশ কর্তারা।কোথায় এই মোবাইলগুলি পাচার করা হচ্ছিল তার তদন্তে নেমেছে পুলিশ।মালদা থানার আধিকারিক সতীনাথ পাঁজা জানিয়েছেন, এদিন চেঁচুমোড় বা কালুয়াদীঘি এলাকায় নাকা চেকিং চলছিল। সেসময় তাদের গাড়ি আটকিয়ে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়। এর প্রমাণস্বরুপ কোন কাগজপত্র তারা দেখাতে পারেনি।ফলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য মালদা আদালতে পেশ করা হয় এদিন।
