ভাইরাল খবর
অনুমতি ছাড়া রাস্তা অবরোধ, সেলিম-মীনাক্ষী-সহ ৩৩ বামনেতার বিরুদ্ধে মামলা
ডিজিটাল ডেস্কঃ অনুমতি ছাড়াই রাস্তা অবরুদ্ধ করে সমাবেশ ও মিছিল (Rally & March) করার অভিযোগে সিপিএমের (CPM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Salim)-সহ ৩৩ জন বামনেতা-নেত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল মালদহ জেলা পুলিশ (Malda District Police)। একাধিক জামিন অযোগ্য ধারায় এই মামলা দায়ের হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
পুলিশের অভিযোগ, সরকারি অনুমতি ছাড়া সমাবেশ করা, রাস্তা অবরোধ (Road Blockade), সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলা, পুলিশকে সরকারি কাজে বাধা দেওয়া এবং আইনশৃঙ্খলার সমস্যা (Law & Order Issue) তৈরির মতো একাধিক অপরাধ সংঘটিত হয়েছে। সমাবেশ শেষে এক পুলিশ আধিকারিক ইংলিশবাজার থানায় (English Bazar Police Station) লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতেই এই মামলা।
মামলায় সেলিম ছাড়াও নাম রয়েছে সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee), সুমিত দে, শতরূপ ঘোষ, কৌশিক মিশ্র-সহ মোট ৩৩ জনের। পাশাপাশি, ঘটনার দিন সিসিটিভি ফুটেজ (CCTV Footage) খতিয়ে দেখে ২৩টি মোটরবাইক চিহ্নিত করেছে পুলিশ। বেআইনি বাইক মিছিলের অভিযোগে বাইকের মালিকদেরও মামলায় যুক্ত করা হয়েছে। এছাড়াও প্রায় ১২০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।
এই ঘটনায় পুলিশের পদক্ষেপকে চ্যালেঞ্জ করেছে জেলা সিপিএম নেতৃত্ব। জেলা সম্পাদক কৌশিক মিশ্র বলেন, পুলিশের মামলা উপেক্ষা করেই আন্দোলন চলবে। পাল্টা আইনি পদক্ষেপের কথাও জানানো হয়েছে।
প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ সত্ত্বেও শনিবার মালদহ শহরের রথবাড়ি মোড়ে (Rathbari More) ৩৪ নম্বর জাতীয় সড়কের (NH-34) ধারে সমাবেশ ও পরে মিছিল করা হয় বলে অভিযোগ। যার জেরে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয় এবং নিত্যযাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছয়।
