দেশ
করোনার প্রকোপ বাড়ছে দেশজুড়ে, এরই মধ্যে দেশে প্রথম করোনামুক্ত রাজ্য হল অরুণাচল প্রদেশ
নিউজ ডেস্ক , ২৮ ফেব্রুয়ারি : করোনার সংক্রমণ বৃদ্ধি নিয়ে যখন উদ্বেগ বাড়ছে দেশজুড়ে, তখন খুশীর আবহ অরুণাচল প্রদেশে। রবিবার করোনামুক্ত হল অরুণাচল প্রদেশ।তিন জন সক্রিয় রোগী সুস্থ হওয়ায় দেশের মধ্যে প্রথম করোনামুক্ত হল এই রাজ্য।
উল্লেখ্য অরুণাচল প্রদেশে মোট ১৬ হাজার ৮৩৬ জন আক্রান্ত হয়েছিলেন করোনায়। তাঁদের মধ্যে ১৬ হাজার ৭৮০ জন সুস্থ হয়ে গিয়েছেন। তিন জন সক্রিয় করোনা রোগী ছিলেন। ফলে এই রাজ্যে আর কোন সক্রিয় রোগী নেই।সংক্রমণের হার শূন্য। সুস্থতার হার ৯৯.৬৬ শতাংশ। স্বাস্থ্য দফতরসুত্রে জানা গিয়েছে, মোট ৪ লক্ষ ৫ হাজার ৬৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনিবারও ৩১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। কারোরই রিপোর্ট পজিটিভ আসেনি।পাশাপাশি রাজ্যে দ্রুত হারে করোনা টিকাকরণের কাজও চলছে। এখনও পর্যন্ত ৩২ হাজার ৩২৫ জন স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির করোনা যোদ্ধাদের টিকা দেওয়া হয়েছে।অরুণাচল প্রদেশ করোনামুক্ত হলেও যদিও দেশের বেশ কয়েকটি রাজ্যে নতুন করে সংক্রমণ বৃদ্ধিতে উদ্বেগ তৈরি হচ্ছে। তবে এক্ষেত্রে জনসাধারণের সচেতন হওয়ার ওপরে ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।
