বিকল দুটো কিডনী, বাঁচার তীব্র আকুতি মৃত্যুপথযাত্রী কলেজ ছাত্রের
Connect with us

রায়গঞ্জ

বিকল দুটো কিডনী, বাঁচার তীব্র আকুতি মৃত্যুপথযাত্রী কলেজ ছাত্রের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ২৪ ফেব্রুয়ারি : দুটি কিডনি বিকল হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে রায়গঞ্জ ব্লকের ভগিলতার কলেজ ছাত্র নবোজিত সিংহ। চিকিৎসকের পরামর্শ দ্রুত কিডনি ট্র‍্যান্সপ্লান্ট করতে হবে। কিন্তু তীব্র আর্থিক অনটনের কারনে সে পথ ও অবরুদ্ধ। ছেলেকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে সরকার ও সহৃদয় মানুষদের কাছে সাহায্যের কাতর আবেদন জানিয়েছেন নবোজিতের বাবা-মা।

একটা সময় রায়গঞ্জ কলেজে পদার্থ বিদ্যা বিভাগে ভালো ছাত্র হিসাবেই সুনাম ছিল নবোজিতের। বর্তমানে বি এড নিয়ে পড়াশোনা করছে সে। একটা সুন্দর ভবিষ্যতের লক্ষে যখন স্বপ্ন বোনা শুরু ঠিক তখনই জীবনে নেমে আসে দুঃস্বপ্নের কালো রাত। গত জানুয়ারি মাসে আচমকাই অসুস্থ হয়ে পরে নবোজিত। রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বাড়তে থাকে দ্রুতগতিতে। চিকিৎসক দের পরামর্শে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে শুরু হয় ডায়ালিসিস। চিকিৎসকেরা আরো জানিয়ে দেন কিডনী ট্রান্সপ্ল্যান্ট না করলে প্রানে বাঁচানো যাবে না নবোজিত কে। কিন্তু এক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়ায় আর্থিক অনটন। বাবা রাজকুমার সিংহ ভ্যান চালিয়ে সংসার প্রতিপালন করেন। ফলে কিডনী ট্রান্সপ্ল্যান্টের জন্য প্রয়োজনীয় দশ থেকে বারো লক্ষ টাকা জোগার করাটা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আজও সপ্তাহে দু তিন দিন হাসপাতালে ডায়ালিসিস করাতে আসতে হয় তাকে। কিন্তু মৃত্যুর হাতছানি যে ক্রমশ বাড়ছে তা বেশ ভালোই বুঝতে পেরেছে ক্লান্ত-শ্রান্ত এই কলেজ ছাত্রটি। ছেলেকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার জন্য যে বিপুল অংকের অর্থ প্রয়োজন তা জোগাড় করা সম্ভব নয় বলে জানিয়ে সরকার ও সহৃদয় মানুষদের লাছে কাতর আবেদন জানিয়েছেন নবোজিতের মা। এই পরিস্থিতিতে নবোজিতের পাশে এসে দাঁড়িয়েছে রায়গঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। সংস্থার পক্ষে সুমন পাল বলেন,” কলেজে একসঙ্গে পড়তাম। আমরা বন্ধুরা সাধ্যমতো সাহা্য্য করছি। সাহা্য্যের আবেদন করা হয়েছে প্রধানমন্ত্রী ও রাজ্য সরকারের কাছেও। নবোজিতকে সুস্থ করে তুলতে প্লীজ, সকলে এগিয়ে আসুন।