স্বামীকে খুনের দায়ে শ্রীঘরে স্ত্রী-প্রেমিক
Connect with us

দক্ষিণ দিনাজপুর

স্বামীকে খুনের দায়ে শ্রীঘরে স্ত্রী-প্রেমিক

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , কুশমন্ডি , ১৪ জানুয়ারী : পরকীয়া সম্পর্কের জেরে স্বামীকে পুড়িয়ে মারার ঘটনায় স্ত্রী এবং তার প্রেমিককে গ্রেফতার করল দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি থানার পুলিশ। জানা গেছে ধৃতদের নাম লিপিকা সরকার এবং সুশান্ত সরকার।

গত ১২ ডিসেম্বর রাতে পেশায় ইটভাটার শ্রমিক স্বামী দুলাল সরকারকে কেরোসিন তেল ঢেলে স্ত্রী এবং প্রেমিক মিলে পুড়িয়ে মারে বলে অভিযোগ। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিল দুজনে। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে তাদের দুজনকে হাতেনাতে পাকড়াও করে পুলিশ। মৃত দুলাল সরকারের সঙ্গে লিপিকা সরকারের বিয়ে হয়েছিল প্রায় ১০ বছর আগে। বর্তমানে দুই ছেলে রয়েছে তাদের। দুই ছেলের মা হয়েও এলাকার যুবক সুশান্ত সরকারের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে দুলালের স্ত্রী লিপিকা। সম্পর্কের কথা জানাজানি হওয়াতে সংসারে অশান্তি লেগেই থাকত। মনোমালিন্য এবং দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপোড়েনের জেরে পথের কাঁটা দুলাল সরকার কে সরিয়ে দিতে তাঁকে খুনের পরিকল্পনা করে স্ত্রী লিপিকা সরকার। প্রেমিক সুশান্তকে সঙ্গে নিয়ে স্ত্রী ১২ ডিসেম্বর রাতে ঘরে ঘুমন্ত অবস্থায় কেরোসিন তেল ঢেলে স্বামীকে পুড়িয়ে মারে বলে অভিযোগ। ঘটনার পর থেকে বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়েছিল অভিযুক্তরা। অবশেষে বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হলে ধৃতদের ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।