গ্রেফতার Freedom 251 এর কর্ণধার, ২০০ কোটি টাকা জালিয়াতির অভিযোগ তাঁর বিরুদ্ধে
Connect with us

বিশ্বের খবর

গ্রেফতার Freedom 251 এর কর্ণধার, ২০০ কোটি টাকা জালিয়াতির অভিযোগ তাঁর বিরুদ্ধে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৩ জানুয়ারী : মাত্র ২৫১ টাকায় “Freedom 251” স্মার্টফোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলো রিংগিং বেলস্ নামে এক সংস্থা। জলের দরের এই স্মার্টফোন পেতে করতে হবে অগ্রিম বুকিং। আর সেই বুকিং একসাথে এতো লোক করেছিলেন যে ফ্রিডম ফোন সাইট ক্র্যাশ করে গিয়েছিলো।

তবে সেই ফোন আজও ঘরে আসেনি। যে ব্যবসায়ী এই স্বপ্ন দেখিয়েছিলেন সেই মোহিত গোয়েলকে এবার আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার করল পুলিশ৷ তবে এবার ড্রাই ফ্রুট নিয়ে প্রতারণার মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। প্রায় ২০০ কোটি টাকার জালিয়াতির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। স্মার্টফোন জালিয়াতি মামলায় আগে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। এসব ছাড়াও একাধিক মামলায় জড়িত এই ব্যবসায়ী। কিন্তু আদালত গ্রেফতারিতে স্থগিতাদেশ দেওয়ায় এতদিন জেলের বাইরেই ছিলেন তিনি। মোহিত এবং তাঁর সহযোগীদের কাছ থেকে অডি-সহ দু’টি গাড়ি, ৬০ কেজি ড্রাই ফ্রুট এবং বহু নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

“দুবাই ড্রাই ফ্রুটস অ্যান্ড স্পাইসেস হাব” নামে এই সংস্থা দেশের বিভিন্ন জায়গার ছোট ব্যবসায়ীদের থেকে ড্রাই ফ্রুট কিনত। তার পর সেগুলি দিল্লি ও সংলগ্ন এলাকায় চড়া দামে বিক্রি করত। মোহিতের বিরুদ্ধে ছোট ব্যবসায়ীদের সঙ্গে জালিয়াতির অভিযোগ উঠেছে। ব্যবসায়ীদের অভিযোগ, প্রথমে অর্ডার ধরার জন্য মোহিত মাল পৌঁছনোর আগেই অর্ধেক পেমেন্ট করে দিতেন। তবে ব্যবসা বাড়ার পর অর্ধেক বা তার বেশি পেমেন্ট করতেন চেকে। সেই চেক ভাঙাতে গেলেই বাউন্স করত। তার পর ব্যবসায়ীরা মোহিতের সংস্থার সঙ্গে যোগাযোগ করলে বিভিন্ন অজুহাত দেওয়া হত মোহিতের সংস্থার তরফে।রবিবার মোহিত ও তাঁর ৫ সহযোগীকে নয়ডার সেক্টর ৫১-র মেঘদূতানম পার্কের কাছ থেকে গ্রেফতার করে নয়ডা পুলিশ। পুলিশ জানিয়েছে, নয়ডার অভিজাত একটি বাণিজ্যিক বহুতলে অফিস খুলে প্রতারণার ফাঁদ পেতেছিল মোহিত গোয়েল ৷ তাঁর এই সংস্থার বিরুদ্ধে হরিয়ানা, পাঞ্জাব, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে চল্লিশটির বেশি লিখিত অভিযোগ দায়ের হয়েছিল ৷
সেই পরিপ্রেক্ষিতেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।