দেশের খবর
নিট আন্দোলনে AK-47 ব্যবহারের অভিযোগ! সাসপেন্ড পুলিশকর্মী, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা
ডিজিটাল ডেস্কঃ নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে বিহারে (Bihar) ছাত্র আন্দোলন ঘিরে বড় বিতর্কের সৃষ্টি হয়েছে। ২৫ জুলাই ‘বিহার বনধ’ কর্মসূচির সময় সিওয়ান (Siwan) জেলায় এক পুলিশকর্মীকে AK-47 রাইফেল (AK-47 Rifle) থেকে গুলি চালাতে দেখা গিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও (Viral Video) সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত পুলিশকর্মীকে সাময়িক বরখাস্ত (Suspended) করেছে বিহার পুলিশ। একইসঙ্গে গোটা ঘটনার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। (যদিও এই ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি আর সি টিভি সংবাদ)
জানা গিয়েছে, ওইদিন ছাত্র সংগঠনগুলির বিক্ষোভ চলাকালীন বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ (Lathi Charge), কাঁদানে গ্যাস (Tear Gas) এবং জলকামান (Water Cannon) ব্যবহার করা হয়। অভিযোগ, সিওয়ানে এক পুলিশকর্মী AK-47 থেকে অন্তত তিন রাউন্ড গুলি চালান। ভাইরাল ভিডিও সামনে আসার পরই বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়।
बिहार : सीवान में छात्रों पर AK–47 से फायरिंग करने वाले पुलिसकर्मी को सस्पेंड कर दिया गया है। वह SP की सुरक्षा में तैनात था। फायरिंग में 3 छात्रों को गोली लगी थी। pic.twitter.com/6xk5H8RIlP
— Sachin Gupta (@Sachingupta) July 27, 2026
সরকারি তথ্য অনুযায়ী, ঘটনায় তিনজন আহত হন। তাঁদের মধ্যে ১৫ বছরের মহম্মদ আরিফের গলায় গুলি লাগে বলে পরিবারের দাবি। পরে পাটনার (Patna) একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে গুলি বের করা হয়। চিকিৎসকদের মতে, আহতদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।
এই ঘটনায় রাজ্যসভার সাংসদ মনোজ কুমার ঝা (Manoj Kumar Jha) সুপ্রিম কোর্টে (Supreme Court) একটি জনস্বার্থ মামলা (PIL) দায়ের করেছেন। অন্যদিকে, বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও ঘটনার কড়া সমালোচনা করেছেন। তাঁরা পুলিশি বলপ্রয়োগের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বিহার পুলিশের তরফে জানানো হয়েছে, আগ্নেয়াস্ত্র ব্যবহার পুলিশের নির্ধারিত প্রোটোকল (Protocol) মেনে হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের রিপোর্টের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ প্রশাসন।
