"মোবাইল-ইন্টারনেট সব নিষিদ্ধ"! নিটের স্বচ্ছতা ফেরাতে চক্রব্যূহে বন্দি মডারেটর ও অনুবাদকেরা
Connect with us

দেশের খবর

“মোবাইল-ইন্টারনেট সব নিষিদ্ধ”! নিটের স্বচ্ছতা ফেরাতে চক্রব্যূহে বন্দি মডারেটর ও অনুবাদকেরা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ গত মে মাসের নিট পরীক্ষায় প্রশ্নফাঁসের (Paper Leak) জেরে দেশজুড়ে তীব্র বিতর্কের পর এবার পুনঃপরীক্ষায় নজিরবিহীন বজ্রআঁটুনি নিল কেন্দ্র। আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলা নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষায় (NEET UG 2026 Re-exam) কোনো ধরণের ঝুঁকি নিতে রাজি নয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। পরীক্ষার স্বচ্ছতা ও গোপনীয়তা বজায় রাখতে এবার প্রশ্নপত্র প্রস্তুতকারী বিশেষজ্ঞ, অনুবাদক এবং মডারেটরদের (Paper Setters) একটি গোপন স্থানে কঠোর নজরদারিতে ‘লকডাউন’ (Lockdown) করে রাখা হয়েছে।

আগামী ২১ জুন পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তাঁরা বাইরের বিশ্বের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন থাকবেন। এই সুরক্ষিত কেন্দ্রে তাঁদের ল্যাপটপ, মোবাইল ফোন বা অন্য কোনো যোগাযোগ মাধ্যম (Communication Medium) ব্যবহারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি ইন্টারনেট ব্যবহারের সুযোগও সীমিত। মে মাসের পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় সিবিআই (CBI) ইতিমধ্যেই যে ১৩ জনকে গ্রেপ্তার করেছে, তাঁদের মধ্যে কয়েকজন অধ্যাপকও ছিলেন। সর্ষের মধ্যে থাকা এই ভুত তাড়াতেই এবার কোমর বেঁধে নেমেছে কর্তৃপক্ষ।

নিরাপত্তার এই কঠোর বলয় কেবল প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। প্রশ্নপত্র মুদ্রণ, প্যাকেজিং, পরিবহন এবং বিতরণের প্রতিটি ধাপে ‘মাল্টি-টায়ার’ বা বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা (Security System) গ্রহণ করা হয়েছে। প্রশ্নপত্র পরিবহনের ক্ষেত্রে প্রয়োজনে ভারতীয় বিমান বাহিনীর (Indian Air Force) সহায়তা নেওয়ার চিন্তাভাবনাও করছে প্রশাসন। দেশের ৫৫১টি শহরে দুপুর ২টা থেকে বিকেল ৫.১৫ পর্যন্ত এই পেন-অ্যান্ড-পেপার (Pen-and-paper) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এনটিএ স্পষ্ট জানিয়েছে, পরীক্ষা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো ভুয়ো গুজব ছড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ২২ লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভবিষ্যতের সাথে জড়িত এই পরীক্ষাটি এখন এনটিএ-র কাছে নিজেদের বিশ্বাসযোগ্যতা প্রমাণের এক বড় অগ্নিপরীক্ষা।