সোনম ওয়াংচুকের ২৬ দিনের অনশন প্রত্যাহার! নিট কাণ্ড ও আন্দোলনকারীদের নিয়ে কেন্দ্রের লিখিত আশ্বাস
Connect with us

দেশের খবর

সোনম ওয়াংচুকের ২৬ দিনের অনশন প্রত্যাহার! নিট কাণ্ড ও আন্দোলনকারীদের নিয়ে কেন্দ্রের লিখিত আশ্বাস

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: টানা ২৬ দিনের আমরণ অনশন (Hunger strike) প্রত্যাহার করলেন বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। নিট (NEET) পরীক্ষা ব্যবস্থা সংস্কার এবং আন্দোলনকারী পরীক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে গত ২৮ জুন থেকে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র সাথে সংহতি জানিয়ে অনশনে বসেছিলেন তিনি। বৃহস্পতিবার গভীর রাতে গুরুগ্রামের (Gurugram) মেদান্তা হাসপাতালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে তরল খাদ্য গ্রহণ করে তিনি অনশন ভাঙেন। সেই সময় তাঁর পাশে ছিলেন স্ত্রী গীতাঞ্জলী অ্যাংমো এবং লাদাখের অ্যাপেক্স বডি (Apex Body)-র প্রতিনিধিরা।

কেন্দ্রের দেওয়া লিখিত আশ্বাসে স্পষ্ট জানানো হয়েছে, দিল্লির যন্তর মন্তর (Jantar Mantar)-এ শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণকারী এবং ২০ জুলাই ‘চলো সংসদ’ (Chalo Sansad) কর্মসূচিতে যোগ দেওয়া ছাত্র-যুবকদের বিরুদ্ধে কোনও নতুন মামলা বা প্রতিশোধমূলক আইনি পদক্ষেপ নেওয়া হবে না। এই প্রতিশ্রুতিই অনশন প্রত্যাহারের প্রধান শর্ত ছিল বলে জানান ওয়াংচুক।

অনশন প্রত্যাহারের পর সমাজমাধ্যম এক্স (X)-এ একটি ভিডিও বার্তায় সরকারের লিখিত আশ্বাসের কপি প্রকাশ করেন তিনি। ওয়াংচুক জানান, গত দু’দিন ধরে আন্দোলনকারীদের বিরুদ্ধে FIR না করার দাবি নিয়ে সরকারের সঙ্গে দীর্ঘ আলোচনা চলেছিল। অবশেষে লিখিত প্রতিশ্রুতি পাওয়ার পরই তিনি অনশন ভাঙার সিদ্ধান্ত নেন। এছাড়াও কেন্দ্র আশ্বাস দিয়েছে, নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস এবং দেশের পরীক্ষা ব্যবস্থার জবাবদিহিতা নিয়ে চলতি সংসদ অধিবেশনেই আলোচনা হবে। পাশাপাশি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা পড়ুয়াদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের বিষয়টিও ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।

ওয়াংচুক জানান, বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ৬৫ জন সাংসদ তাঁকে অনশন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিলেন। দেশে অশান্তি এড়ানো এবং সরকারের লিখিত আশ্বাসের প্রতি আস্থা রেখেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা, নিট কেলেঙ্কারির নিরপেক্ষ তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ২৮ জুন থেকে তিনি অনশনে বসেছিলেন। দীর্ঘ অনশনের ফলে তাঁর প্রায় ১১ কেজি ওজন কমে যায়। পরে দিল্লি হাইকোর্টের নির্দেশে তাঁকে সফদরজং হাসপাতাল থেকে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজমাধ্যমে ওয়াংচুকের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়েছেন। যদিও সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার করেছেন, তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ অন্যান্য দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিজেপি (CJP)।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads