ভাইরাল খবর
প্রশ্নপত্র পাহারা দেবে ভারতীয় সেনাবাহিনী! নিট পরীক্ষা রুখতে নজিরবিহীন পদক্ষেপ কেন্দ্রের
ডিজিটাল ডেস্কঃ আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলা নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস (Paper Leak) রুখতে নজিরবিহীন সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এবার পরীক্ষার প্রশ্নপত্র ছাপানো, পরিবহণ এবং নিরাপত্তার দায়িত্বে থাকবে সেনাবাহিনী (Army)। প্রয়োজনে ব্যবহার করা হবে সেনা হেলিকপ্টারও (Helicopter)।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) বৈঠকের পর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, প্রশ্নপত্র নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া এবং গোটা প্রক্রিয়ায় কড়া নজরদারি চালানোর দায়িত্ব পালন করবে সেনা। সম্প্রতি সিবিএসই (CBSE) দ্বাদশ শ্রেণির পরীক্ষার মূল্যায়ন নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, মূল্যায়ন পদ্ধতির ত্রুটির কারণে প্রায় ১৮ লক্ষ পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই পরিস্থিতিতে কেন্দ্রের এমন পদক্ষেপকে অনেকেই পরীক্ষা পরিচালনায় সরকারের ব্যর্থতার স্বীকারোক্তি বলেই মনে করছেন।
বিগত কয়েক বছরে একাধিক সর্বভারতীয় পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ সামনে এসেছে। সেই কারণে এবার নিট পরীক্ষাকে ঘিরে কোনও ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্র। শিক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পরীক্ষার স্বচ্ছতা (Transparency) বজায় রাখতে এবং নিরাপত্তা আরও জোরদার করতেই সেনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) ইতিমধ্যেই পরীক্ষাকেন্দ্রিক একাধিক বিতর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ভূমিকা নিয়েও রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়েছে।


