দেশের খবর
দিল্লিতে বাঙালি অধ্যাপিকার নৃশংস হত্যাকাণ্ড! বাইরে তালাবন্ধ ফ্ল্যাটে মিলল রক্তাক্ত দেহ
ডিজিটাল ডেস্কঃ দেশের রাজধানী দিল্লিতে (Capital City) এক বাঙালি অধ্যাপিকার নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পূর্ব দিল্লির বসুন্ধরা এনক্লেভের ‘সত্যম অ্যাপার্টমেন্ট’-এর একটি ফ্ল্যাট থেকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) শিবাজী কলেজের ইংরেজির সহকারী অধ্যাপক (Assistant Professor) দেবস্মিতা পালের রক্তাক্ত ও ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘরের দরজা বাইরে থেকে তালাবন্ধ থাকা সত্ত্বেও ভেতরে ক্ষতবিক্ষত দেহ মেলার ঘটনায় তদন্তকারীরা এক জটিল ধাঁধার মুখে পড়েছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, দেবস্মিতা পাল ওই ফ্ল্যাটে একাই থাকতেন। তাঁর স্বামী বেঙ্গালুরুতে থাকেন। গত বুধবার থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালের পর থেকে বারবার ফোন করেও দিদির কোনো সাড়া না পেয়ে উদ্বিগ্ন বোন দেবারতি পাল তড়িঘড়ি তাঁর ফ্ল্যাটে পৌঁছান। সেখানে গিয়ে তিনি দেখেন, ফ্ল্যাটের সদর দরজায় বাইরে থেকে তালা ঝুলছে। কোনো বড়সড় অঘটন ঘটেছে বলে সন্দেহ হওয়ায় দেবারতি তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং দিদির রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশ কন্ট্রোল রুমে (Police Control Room) খবর দেন।
ঘটনাস্থলে পৌঁছে ক্রাইম ব্রাঞ্চ (Crime Branch) এবং ফরেনসিক দল (Forensic Team) তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, মৃতদেহের মাথায় ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়েছিল এবং দুই কব্জিতেই শিরা কাটার দাগ রয়েছে। এ ছাড়াও মুখ ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ও ধস্তাধস্তির (Scuffle) লক্ষণ স্পষ্ট। তবে ফ্ল্যাটে জোর করে ঢোকার বা চুরির (Burglary) কোনো চিহ্ন মেলেনি; সমস্ত সোনার গহনা ও নগদ টাকা অক্ষত রয়েছে। ফলে তদন্তকারীদের প্রাথমিক অনুমান, কোনো পূর্বপরিচিত (Aquaintance) ব্যক্তি এই ঘটনা ঘটিয়ে খুনের পর দরজায় বাইরে থেকে তালা দিয়ে পালিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ও সময় জানতে দেহ ময়নাতদন্তের (Autopsy) জন্য লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। পূর্ব দিল্লির ডেপুটি কমিশনার অফ পুলিশ (DCP) রাজীব কুমার জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ ও সংগৃহীত নমুনা বিশ্লেষণ করে হত্যাকারীকে শনাক্ত করার চেষ্টা চলছে।
