ভারতীয় রেল
অভয়ার মায়ের মাথায় মোদীর হাত! পানিহাটির মঞ্চে আরজি কর নিয়ে সরব প্রধানমন্ত্রী
ডিজিটাল ডেস্কঃ পানিহাটির অমরাবতী মাঠের জনসভা থেকে আরজি কর কাণ্ডের (RG Kar Case) আবহে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন পানিহাটির বিজেপি প্রার্থী তথা নির্যাতিতা চিকিৎসকের মায়ের হাত ধরে তাঁর পাশে দাঁড়ানোর বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন, তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের নিরাপত্তা (Security) আজ তলানিতে ঠেকেছে।
মঞ্চে আবেগঘন কণ্ঠে মোদী বলেন, “একজন মা অনেক কষ্ট করে নিজের মেয়েকে ডাক্তার বানিয়েছিলেন। কিন্তু তৃণমূলের জঙ্গলরাজ (Jungle Raj) সেই মায়ের কোল খালি করে দিয়েছে।” প্রধানমন্ত্রীর দাবি, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিই এই ধরণের মর্মান্তিক ঘটনার প্রধান কারণ। এদিন তিনি তৃণমূল নেতাদের কড়া সমালোচনা করে বলেন, “তৃণমূল নারীবিরোধী (Anti-women)। ৪ মে-র পর নারী নির্যাতনের সমস্ত ফাইল ফের খোলা হবে— এটা মোদীর গ্যারান্টি (Guarantee)।”
প্রথম দফার নির্বাচনে ৯২.৭১ শতাংশ রেকর্ড ভোটদান (Record Voting) প্রসঙ্গে মোদী দাবি করেন, প্রদীপ নেভার আগে যেমন জ্বলে ওঠে, তৃণমূলের অবস্থাও এখন ঠিক তেমন। তিনি প্রশ্ন তোলেন, সুরক্ষিত থাকতে মহিলাদের সন্ধ্যার পর বাইরে বেরোতে মানা করাটাই কি আজকের পশ্চিমবঙ্গের চিত্র? এই ‘অরাজকতা’ থেকে মুক্তি পেতে এবং রাজ্যের মা-বোনেদের নিরাপত্তা (Safety) সুনিশ্চিত করতে পদ্ম শিবিরে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। পানিহাটির এই সভা থেকে রাজ্যের নারীশক্তি এবার নতুন ইতিহাস লিখবে বলে আশাপ্রকাশ করেন প্রধানমন্ত্রী।


