ভোটের খবর
নন্দলাল বসুর নাতির ভোটাধিকার নিয়ে জটিলতা কাটল! কমিশনের হস্তক্ষেপে ফিরল অধিকা
ডিজিটাল ডেস্কঃ সুপ্রিম কোর্টের (Supreme Court) কড়া নির্দেশ এবং আইনি লড়াইয়ের পর অবশেষে ভোটাধিকার ফিরে পেলেন শিল্পাচার্য নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ সেন ও তাঁর স্ত্রী দীপা সেন। বৃহস্পতিবার বীরভূমের বোলপুরে ভোট দিতে গিয়ে চরম হয়রানির (Harassment) শিকার হতে হয়েছিল এই অশীতিপর দম্পতিকে।
অভিযোগ, বুথের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা ভোটার তালিকায় (Voter List) তাঁদের নাম নেই বলে সাফ জানিয়ে দেন। দম্পতি সুপ্রিম কোর্টের নির্দেশের কপি দেখালেও আধিকারিকরা তা অগ্রাহ্য করে তাঁদের সিউড়িতে জেলাশাসকের দপ্তরে গিয়ে লিখিত অনুমতি আনতে বলেন। এই প্রখর গরমে বোলপুর থেকে সিউড়ি যাওয়ার সামর্থ্য না থাকায় চোখের জলেই বাড়ি ফিরে গিয়েছিলেন তাঁরা।
ঘটনাটি চাউর হতেই তড়িঘড়ি হস্তক্ষেপ করে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দপ্তর। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, রিটার্নিং অফিসারের (Returning Officer) বোঝার ভুলের কারণেই এই দুর্ভাগ্যজনক পরিস্থিতি তৈরি হয়েছিল। দ্রুত জট কাটিয়ে বিকেল ৫টায় তাঁদের ভোট দেওয়ার বিশেষ ব্যবস্থা সুনিশ্চিত করা হয়।
মূলত এসআইআর (SIR) প্রক্রিয়া চলাকালীন তথ্যগত ত্রুটির কারণে তাঁদের নাম খসড়া তালিকায় ‘বিবেচনাধীন’ (Under Consideration) ছিল। পরে ট্রাইব্যুনালের (Tribunal) মাধ্যমে নাম অন্তর্ভুক্ত হলেও স্থানীয় স্তরে বিভ্রান্তির সৃষ্টি হয়। অবশেষে কমিশনের সক্রিয়তায় গণতান্ত্রিক অধিকার (Right to Vote) প্রয়োগ করতে পেরে খুশি শিল্পাচার্যের পরিবার। তবে শীর্ষ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কেন একজন প্রবীণ নাগরিককে (Senior Citizen) এভাবে হেনস্তা হতে হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছে নাগরিক সমাজ।


