মালদা
সুস্থ শরীরে দিব্যি চলাফেরা করছেন কিন্তু ভোটার তালিকায় মৃত তিনি, ঘটনায় চাঞ্চল্য এলাকায়
নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ২৯ এপ্রিল : সুস্থ শরীরে দিব্যি চলাফেরা করছেন কিন্তু ভোটার তালিকায় মৃত তিনি। হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রের পর একই ঘটনার পুনরাবৃত্তি মালদা জেলার মানিকচকে। এর ফলে ভোটাধিকার থেকে বঞ্চিত হলেন মানিকচক বিধানসভার বছর পঞ্চাশের সত্যবালা মন্ডল।
জানা গিয়েছে, মাস চারেক আগে সত্যবালা মন্ডল এর বাবা মারা যান। কিন্তু ভোটার তালিকায় তাকে মৃত না দেখিয়ে সত্যবালা মন্ডলকে মৃত হিসেবে দেখানো হয়েছে। এবিষয়ে সত্যবালা মন্ডলের ছেলে শ্রীকান্ত মন্ডল জানিয়েছেন, আমার মা জীবিত থাকা সত্ত্বেও ভোটাধিকার থেকে বঞ্চিত। বিভিন্ন জায়গায় দরবার করেও সুরাহা হয়নি। মাস চারেক আগে সত্যবালা মন্ডল এর বাবা খোকা মন্ডল মারা যান। কিন্তু ভোটার তালিকায় তাকে মৃত না দেখিয়ে সত্যবালা মন্ডলকে মৃত হিসেবে দেখানো হয়েছে। এর ফলে আমার মা ভোট দিতে পারছেন না। এবিষয়ে সত্যবালা মন্ডল জানিয়েছেন, ভোটকেন্দ্রে গিয়ে দেখি ভোট হবে না আমার। সেখান থেকে প্রশাসনিক আধিকারিকদের কাছে গেলেও তারাও জানিয়ে দেন আমার ভোট হবে না। বৃহস্পতিবার দিনভর মানিকচক বিধানসভার ১১২ নম্বর মানিকচক শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রের বাইরে বসে রইলেন তিনি। শেষ পর্যন্ত ভোটাধিকার থেকে বঞ্চিত রইলেন সত্যবালা দেবী।
