দেশ
ভারতের ধনকুবেরদের লড়াইয়ে নতুন মোড়! আম্বানিকে টপকে আবার শীর্ষে গৌতম আদানি
ডিজিটাল ডেস্কঃ ভারতের দুই শীর্ষ শিল্পপতির মধ্যে সম্পদের (Wealth) লড়াই এক নতুন উচ্চতায় পৌঁছাল। বৃহস্পতিবার, ১৬ এপ্রিল আদানি গোষ্ঠীর শেয়ারের দাম আকাশছোঁয়া হতেই মুকেশ আম্বানিকে পিছনে ফেলে ভারতের এক নম্বর ধনী (Richest Person in India) হয়ে উঠলেন গৌতম আদানি। ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স (Bloomberg Billionaires Index) অনুযায়ী, গৌতম আদানির বর্তমান মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৯২.৬ বিলিয়ন ডলারে। অন্যদিকে, মুকেশ আম্বানি ৯০.৮ বিলিয়ন ডলার নিয়ে ভারতের তালিকায় দ্বিতীয় স্থানে নেমে গিয়েছেন।
এই অভাবনীয় উত্থানের ফলে গৌতম আদানি এখন বিশ্বের ধনীদের তালিকায় ১৯তম স্থানে উঠে এসেছেন। বিপরীতে, মুকেশ আম্বানি বিশ্ব তালিকায় ২০তম স্থানে অবস্থান করছেন। বৃহস্পতিবার আদানি গোষ্ঠীর একাধিক কোম্পানির শেয়ারের দামে (Stock Price) ব্যাপক বৃদ্ধি লক্ষ্য করা গেছে, যার সরাসরি ইতিবাচক প্রভাব পড়েছে আদানির নেট ওয়ার্থে (Net Worth)। গত একদিনেই তাঁর সম্পদ বেড়েছে ৩.৫৬ বিলিয়ন ডলার।
আদানি পাওয়ারের শেয়ার ৫.৮৪ শতাংশ, আদানি এনার্জি ৪.৮৬ শতাংশ এবং আদানি এন্টারপ্রাইজের শেয়ার ৩.০৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি আদানি গ্রিন ও আদানি পোর্টসের শেয়ার ২ শতাংশের বেশি বেড়েছে।
অন্যদিকে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) শেয়ারের দাম মাত্র ০.১৩ শতাংশ বাড়ায় মুকেশ আম্বানির সম্পদ খুব সামান্য (৭৬.৭ মিলিয়ন ডলার) বৃদ্ধি পেয়েছে, যা আদানির জোয়ারের কাছে অনেকটাই ফিকে।
ব্লুমবার্গ ইনডেক্স অনুযায়ী, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম ৬ জনই এখন ‘২০০ বিলিয়ন ডলার’ ক্লাবের সদস্য। তালিকার শীর্ষে রয়েছেন ইলন মাস্ক (Elon Musk), যাঁর মোট সম্পদের পরিমাণ ৬৫৬ বিলিয়ন ডলার। তালিকার পরবর্তী নামগুলো হলো ল্যারি পেজ (২৮৬ বিলিয়ন ডলার), জেফ বেজোস (২৬৯ বিলিয়ন ডলার), সের্গেই ব্রিন (২৬৬ বিলিয়ন ডলার), মার্ক জাকারবার্গ (২৩৯ বিলিয়ন ডলার) এবং ল্যারি এলিসন (২৩০ বিলিয়ন ডলার)। এছাড়া শীর্ষ দশে রয়েছেন মাইকেল ডেল, জেনসেং হুয়াং, বার্নার্ড আর্নল্ট এবং জিম ওয়ালটন।


