ভাইরাল খবর
‘জ্বলনে ওয়ালে কো জলায়েঙ্গে…’, সোশাল মিডিয়ায় ফিল্মি মেজাজে অপরাধীদের হুঁশিয়ারি নির্বাচন কমিশনের
ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) নির্ঘণ্ট বেজে যাওয়ার পর থেকেই রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। প্রথম দফার ভোটের মাত্র ১০ দিন বাকি থাকতে এবার এক বেনজির এবং ‘ফিল্মি’ কায়দায় সমাজবিরোধীদের হুঁশিয়ারি (Warning) দিল নির্বাচন কমিশন (ECI)। দক্ষিণ কলকাতার জেলা নির্বাচনী আধিকারিকের (District Election Officer) অফিসিয়াল পেজ থেকে একটি পোস্ট করা হয়েছে, যা নিয়ে বর্তমানে রাজ্য রাজনীতিতে ব্যাপক চর্চা (Discussion) শুরু হয়েছে।
কমিশনের ওই পোস্টে আমির খান ও মাধুরী দীক্ষিত অভিনীত ‘দিল’ সিনেমার জনপ্রিয় গান— ‘হাম প্যায়ার করনে ওয়ালে, দুনিয়া সে না ডরনে ওয়ালে… ইয়ার জ্বলনে ওয়ালে কো জলায়েঙ্গে’র একটি লিঙ্ক শেয়ার করা হয়েছে। সচরাচর প্রশাসনিক বিজ্ঞপ্তিতে যে গাম্ভীর্য থাকে, তাকে পাশে সরিয়ে রেখে এই রসবোধের (Humor) মাধ্যমে ভোটারদের অভয় দেওয়া হয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “সকল মা, বোন ও ভাইদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান করা হচ্ছে।” এর পরেই সুর চড়িয়ে গুন্ডা ও অপরাধীদের উদ্দেশে লেখা হয়েছে, “নিজেদের সঙ্গে পর্যাপ্ত পরিমাণে বার্নল ও বোরোলিন মজুত রাখুন। না হলে ভোটের উত্তাপ এতটাই বাড়বে যে আপনারা পুড়ে যাবেন।”
রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এই পোস্টটি নিছক কৌতুক নয়, বরং তৃণমূল কংগ্রেসের (TMC) লাগাতার আক্রমণের একটি সূক্ষ্ম পাল্টা জবাব (Counter-attack)। ভোটার তালিকা ও রদবদল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বারবার কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই আবহে নাম না করে সমাজবিরোধীদের সতর্ক করে কমিশন স্পষ্ট করে দিয়েছে যে, কেউ ভোটে বাধা দিলে এমন কঠোর ব্যবস্থা নেওয়া হবে যেখানে কোনও মলমও কাজে আসবে না। একদিকে প্রার্থীরা যখন ভোট টানতে নানা অভিনবত্ব দেখাচ্ছেন, তখন কমিশনের এই ছকভাঙা প্রচার (Creative Campaigning) নজর কেড়েছে সাধারণ মানুষের। কমিশনের স্পষ্ট ইঙ্গিত—ভোটের উত্তাপে দহন কেবল অপরাধীদেরই হবে।
