পুলিশের গাড়িতে চড়ে মনোনয়ন দিতে হাজির তৃণমূল নেতা! কমিশনের নির্দেশে সাসপেন্ড নৈহাটি থানার আইসি
Connect with us

ভাইরাল খবর

পুলিশের গাড়িতে চড়ে মনোনয়ন দিতে হাজির তৃণমূল নেতা! কমিশনের নির্দেশে সাসপেন্ড নৈহাটি থানার আইসি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যে প্রথম দফার নির্বাচনের (Election) আবহেই বড়সড় প্রশাসনিক রদবদল। পুলিশের গাড়িতে করে তৃণমূল নেতা তথা পুরসভার চেয়ারম্যানকে মনোনয়ন কেন্দ্রে পৌঁছে দেওয়ার অভিযোগে নৈহাটি থানার আইসি (IC) মহাবীর বেরাকে সাসপেন্ড (Suspend) করল নির্বাচন কমিশন। তাঁর জায়গায় নতুন আইসি হিসেবে দায়িত্ব নিচ্ছেন প্রকাশ ধারা।

ঘটনার সূত্রপাত সোমবার, যা ছিল প্রথম দফার ভোটের মনোনয়ন (Nomination) জমা দেওয়ার শেষ দিন। অভিযোগ ওঠে, নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে-র মনোনয়ন প্রক্রিয়ায় অংশ নিতে বারাকপুরের মহকুমা শাসকের (SDO) দপ্তরে গিয়েছিলেন নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়। কিন্তু তিনি নিজের গাড়ির বদলে নৈহাটি থানার আইসি মহাবীর বেরার সরকারি গাড়ি ব্যবহার করেন। এমনকি আইসি নিজে তাঁকে দপ্তরে পৌঁছে দিয়েছেন বলেও অভিযোগ ওঠে। সেই গাড়িতে পুরসভার সিআইসি (CIC) এবং সাংসদ পার্থ ভৌমিকের ভাই শেখর ভৌমিকও ছিলেন বলে জানা গিয়েছে।

পুলিশের গাড়ি থেকে তৃণমূল নেতার নামার একটি ভিডিও (Video) সমাজমাধ্যমে মুহূর্তেই ভাইরাল (Viral) হয়ে যায়। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এই ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করে বিষ্ফোরক অভিযোগ আনেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি দাবি করেন, নির্বাচন কমিশন পুলিশকে নিরপেক্ষ (Neutral) রাখার চেষ্টা করলেও পুরনো অভ্যাস মেটেনি। পুলিশের গাড়ি অপব্যবহার করার বিষয়ে তিনি সরাসরি কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন।

বিজেপির অভিযোগ ও ভিডিওর প্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ নেয় কমিশন। জানানো হয়, নির্বাচনী বিধিভঙ্গ (Violation of Conduct) এবং পক্ষপাতমূলক আচরণের জন্য মহাবীর বেরাকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হলো। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যই রাজনৈতিক তরজা (Political Controversy) তুঙ্গে উঠেছে। তবে আইসি সাসপেন্ড হওয়ার বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া (Response) পাওয়া যায়নি।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads