রাজনীতি
হুমায়ুন ভিডিও বিতর্কে বিস্ফোরক মন্তব্য শাহের! ‘২০ বছর বিরোধী থাকব, তবু হুমায়ুনের সাথে হাত মেলাব না’
ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে বাংলার রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। এই উত্তাপের কেন্দ্রে রয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর (Humayun Kabir)। বৃহস্পতিবার একটি চাঞ্চল্যকর ভিডিও (Viral Video) ভাইরাল হয়, সেই ভিডিওতে হুমায়ুন নাকি বিজেপির সঙ্গে এক হাজার কোটি টাকার গোপন চুক্তি (Secret Deal) করেছেন। শুক্রবার কলকাতায় বিজেপির ‘সংকল্পপত্র’ প্রকাশের অনুষ্ঠানে এসে এই অভিযোগের কড়া জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।
অমিত শাহ স্পষ্ট জানিয়ে দেন যে, আদর্শগতভাবে হুমায়ুন কবীর এবং বিজেপি হলো উত্তর মেরু ও দক্ষিণ মেরু। শাহের কথায়, “আমরা প্রয়োজনে ২০ বছর বিরোধীদের আসনে (Opposition Bench) বসে থাকব, তবুও এই ধরণের মানুষের সাথে হাত মেলাবে না বিজেপি।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, মমতা চাইলে এমন হাজারটা ভিডিও বানিয়ে দিতে পারেন। তাঁর এই মন্তব্যে হুমায়ুনের সেই ‘এআই’ বা কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) ব্যবহারের দাবিই যেন আরও জোরালো হলো। শাহের মতে, বিজেপির মতো একটি ক্যাডার-ভিত্তিক ও আদর্শবাদী দল (Ideological Party) কখনোই এমন নোংরা রাজনীতিতে বিশ্বাস করে না।
এদিকে, এই ভিডিও বিতর্কের জেরে বড়সড় ধাক্কা খেয়েছেন হুমায়ুন। আসাদউদ্দিন ওয়েইসির দল মিম (AIMIM) ইতিমধ্যেই হুমায়ুনের সাথে জোট (Alliance) ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেছে। মিমের পক্ষ থেকে জানানো হয়েছে, মুসলিম সমাজের মর্যাদা ও সততা (Integrity) নিয়ে যারা ছিনিমিনি খেলে, তাদের সাথে কোনো সম্পর্ক রাখা সম্ভব নয়। সব মিলিয়ে, একদিকে অমিত শাহের প্রত্যাখ্যান এবং অন্যদিকে মিমের সাথে বিচ্ছেদ— দুইয়ের সাঁড়াশি চাপে এখন রীতিমতো কোণঠাসা (Cornered) এই বিতর্কিত নেতা।


