ভাইরাল খবর
ভোটের মুখে নজিরবিহীন ‘সার্জিক্যাল স্ট্রাইক’! ডিজি ও কলকাতার পুলিশ কমিশনারকে সরাল নির্বাচন কমিশন
ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের (Assembly Election) নির্ঘণ্ট প্রকাশের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পশ্চিমবঙ্গ পুলিশের শীর্ষস্তরে বড়সড় রদবদল ঘটাল জাতীয় নির্বাচন কমিশন। সোমবার কমিশনের পক্ষ থেকে দেওয়া এক নির্দেশিকায় জানানো হয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনিক নিরপেক্ষতা (Administrative Neutrality) বজায় রাখাই তাঁদের প্রধান লক্ষ্য। সেই উদ্দেশ্যেই রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (DGP) পীযূষ পাণ্ডে এবং কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতীম সরকারকে তাঁদের পদ থেকে অবিলম্বে সরিয়ে দেওয়া হয়েছে।
কমিশনের নয়া নির্দেশ অনুযায়ী, প্রবীণ আইপিএস (IPS) অফিসার সিদ্ধিনাথ গুপ্তকে রাজ্যের নতুন ডিজি এবং আইজিপি (IGP) পদে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে, অজয় নন্দকে করা হয়েছে কলকাতার নতুন পুলিশ কমিশনার (CP)। পাশাপাশি, রাজ্যের আইনশৃঙ্খলা (Law and Order) রক্ষায় বড় দায়িত্ব দেওয়া হয়েছে অজয় মুকুন্দ রানাডে-কে, যিনি নতুন এডিজি (এডিজি ল’ অ্যান্ড অর্ডার) হিসেবে নিযুক্ত হলেন। এছাড়াও নটরাজন রমেশ বাবুকে কারেকশনাল সার্ভিসের ডিরেক্টর জেনারেল করা হয়েছে।
কমিশন স্পষ্ট করে জানিয়েছে, এই বদলি (Transfer) অবিলম্বে কার্যকর করতে হবে এবং সোমবার ১৬ মার্চ বিকেল ৩টের মধ্যে সংশ্লিষ্ট আধিকারিকদের দায়িত্ব গ্রহণের রিপোর্ট (Joining Report) জমা দিতে হবে। সরিয়ে দেওয়া আধিকারিকদের নির্বাচন সংক্রান্ত কোনো দায়িত্ব দেওয়া যাবে না। এর আগে রবিবার রাতেই মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে সরিয়ে দিয়েছিল কমিশন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, নবান্নের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নয় বরং একনিষ্ঠ (Sincere) ও সৎ হিসেবে পরিচিত অফিসারদেরই এবার ময়দানে নামাল নির্বাচন ভবন।


