ভাঙড়ে রাজনৈতিক হিংসা! বোমার আঘাতে ঝলসে গেল তৃণমূল কর্মীর হাত
Connect with us

ভাইরাল খবর

ভাঙড়ে রাজনৈতিক হিংসা! বোমার আঘাতে ঝলসে গেল তৃণমূল কর্মীর হাত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড় (Bhangar)। সোমবার রাতে তৃণমূল (TMC) কর্মী কামাল পুরকেইতকে লক্ষ্য করে একের পর এক বোমা (Bomb) ছোড়ার অভিযোগ উঠেছে। অল্পের জন্য প্রাণে বাঁচলেও বিস্ফোরণের জেরে তাঁর বাম হাতের বেশ কিছুটা অংশ ঝলসে গিয়েছে বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়।

ঘটনাটি ঘটেছে ভাঙড়ের পাগলাহাট এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে বানতলা চর্মনগরী (Bantala Leather Complex) থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন কামাল। সেই সময় চালতাবেড়িয়া অঞ্চলের পুরনো পাগলাহাটের কাছে তাঁকে লক্ষ্য করে পরপর দুটি বোমা ছোড়া হয় বলে অভিযোগ। বিস্ফোরণের আঘাতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। বোমার আঘাতে তাঁর বাম হাতের চামড়া ঝলসে গিয়ে গুরুতর জখম হন তিনি।

বিস্ফোরণের শব্দ শুনে প্রথমে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ঘর থেকে বের হননি। পরে কামালের গোঙানির শব্দ পেয়ে তাঁরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের মতে, আহতের অবস্থা আশঙ্কাজনক।

তৃণমূলের অভিযোগ, এই ঘটনার পিছনে স্থানীয় আইএসএফ (ISF) কর্মীরা জড়িত। যদিও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে আইএসএফ নেতৃত্ব। দলের নেতা মালেক মোল্লার দাবি, তৃণমূল কর্মীরাই এলাকা অশান্ত করতে বোমা নিয়ে ঘোরাঘুরি করছিলেন এবং দুর্ঘটনাবশত এই ঘটনা ঘটেছে।

Advertisement
ads

খবর পেয়ে ভাঙড় ডিভিশনের উত্তর কাশীপুর থানার পুলিশ (Kashipur Police Station) ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

ভোটের আগে ফের ভাঙড়ে রাজনৈতিক হিংসা মাথাচাড়া দেওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Continue Reading
Advertisement