ডিজিটাল ডেস্কঃ ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতিতে (India-Pakistan Ceasefire) চিনের কৃতিত্ব দাবি কার্যত নস্যাৎ করে দিল নয়াদিল্লি। বুধবার চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই (Wang Yi)-এর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে ভারত স্পষ্ট করে দেয়, এই সংঘর্ষ থামাতে কোনও তৃতীয় পক্ষের (Third Party) ভূমিকা ছিল না। সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, দুই দেশের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস (DGMO)-এর মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমেই ১০ মে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়।
ভারতের তরফে বলা হয়েছে, “এই ধরনের দাবি আগেও খারিজ করা হয়েছে। ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়ে কোনও তৃতীয় দেশের মধ্যস্থতা গ্রহণযোগ্য নয়।” সূত্রের দাবি, অতীতেও একাধিকবার নয়াদিল্লি এই অবস্থান স্পষ্ট করেছে।
উল্লেখ্য, সম্প্রতি বেজিংয়ে (Beijing) আন্তর্জাতিক নীতি সংক্রান্ত এক অনুষ্ঠানে ওয়াং ই দাবি করেন, উত্তর মায়ানমার, ইরানের পরমাণু ইস্যু (Iran Nuclear Issue), প্যালেস্টাইন-ইজরায়েল সংঘাতের পাশাপাশি ভারত-পাকিস্তান সংঘর্ষ থামাতেও চিন মধ্যস্থতা করেছে। এই মন্তব্য ঘিরেই নতুন করে কূটনৈতিক বিতর্ক তৈরি হয়।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলার (Pahalgam Attack) জবাবে ভারত ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) শুরু করে। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের (PoK) জঙ্গিঘাঁটি লক্ষ্য করে চালানো হয় সামরিক অভিযান। চারদিনের টানা উত্তেজনার পর পাকিস্তানের DGMO ভারতের DGMO-কে ফোন করে সংঘর্ষবিরতির অনুরোধ জানায়। সেই অনুরোধ মেনেই যুদ্ধ থামে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)-ও যুদ্ধবিরতির কৃতিত্ব নিতে চেয়েছিলেন। এবার একই পথে হেঁটে চিনের দাবিও সরাসরি খারিজ করল ভারত।