তামিলনাড়ুতে বিজয়ের মিছিলে পদপিষ্ট হয়ে ৩৯ জনের মৃত্যু, পুলিশের সাফাই ও তদন্ত ঘোষণা
Connect with us

দুর্ঘটনা

তামিলনাড়ুতে বিজয়ের মিছিলে পদপিষ্ট হয়ে ৩৯ জনের মৃত্যু, পুলিশের সাফাই ও তদন্ত ঘোষণা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ তামিলনাড়ুর কারুর (Karur) জেলায় তামিল সুপারস্টার তথা রাজনীতিক বিজয়ের (Vijay) একটি জনসভায় ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। শনিবার বিকেলে বিজয়ের দল ‘তামিলাগা ভেত্রি কাজগম’ (TVK)-এর আয়োজিত সমাবেশে অতিরিক্ত ভিড়ের (Crowd) জেরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৩৯ জনের, আহত হয়েছেন প্রায় ১০০ জন

এ ঘটনায় ইতিমধ্যেই মুখ খুলেছে পুলিশ। রাজ্যের শীর্ষ পুলিশ কর্তা জি ভেঙ্কটরামন জানিয়েছেন, বিজয়ের আগমন সময়মতো না হওয়ায় পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।
তাঁর দাবি, জনসভার জন্য ১০ হাজার মানুষের অনুমান ছিল, অথচ মাঠে হাজির হন প্রায় ২৭ হাজার মানুষ। এই বিপুল ভিড় সামলাতে মোতায়েন করা হয়েছিল মাত্র ৫০০ জন পুলিশকর্মী। স্বাভাবিকভাবেই তা যথেষ্ট ছিল না।

ভেঙ্কটরামন জানান, TVK-এর আগের সভাগুলিতে তুলনামূলকভাবে কম ভিড় দেখা গিয়েছিল, সেই হিসেবে প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু এদিন জনসমাগম অনুমানের চেয়ে অনেক বেশি হওয়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

Advertisement
ads

TVK-এর অফিসিয়াল X (এক্স) অ্যাকাউন্টে জানানো হয়েছিল, বিজয় দুপুর ১২টার মধ্যে উপস্থিত থাকবেন। কিন্তু অনুষ্ঠানের সরকারি অনুমতি ছিল বিকেল ৩টে থেকে রাত ১০টা পর্যন্ত। ফলে সকাল ১১টা থেকেই মাঠে জমতে শুরু করে মানুষের ঢল।
অবশেষে বিজয় পৌঁছন সন্ধে ৭টা ৪০ মিনিটে। দীর্ঘক্ষণ রোদের (Heat) মধ্যে দাঁড়িয়ে থাকা মানুষের কাছে পর্যাপ্ত জল বা খাবার না থাকায় বেহুঁশ হয়ে পড়েন অনেকেই। তবে কীভাবে এই পদপিষ্টের (Stampede) ঘটনা ঘটল, তা নিয়ে এখনও তদন্ত চলছে।

জনসভার একটি ভিডিওতে দেখা গেছে, হাজার হাজার জনতা বিজয়ের গাড়িকে ঘিরে ধরেছেন। বিজয় সেই গাড়ির ওপর থেকে জলের বোতল ছুঁড়ে দিচ্ছেন অজ্ঞান মানুষদের দিকে, এমনকি তিনি নিজেই পুলিশকে সাহায্যের জন্য ডাক দেন।

ঘটনার পরে বিজয় X (এক্স)-এ শোকবার্তা দিয়েছেন। তিনি লেখেন,
“আমার হৃদয় ভেঙে গেছে। এই বেদনা ও যন্ত্রণা ভাষায় প্রকাশ করা অসম্ভব। কারুর-এ প্রাণ হারানো প্রিয় ভাই-বোনেদের পরিবারকে গভীর সমবেদনা জানাচ্ছি। হাসপাতালে যারা চিকিৎসাধীন, তাদের দ্রুত সুস্থতা কামনা করি।”

২০২৪ সালে দল গঠনের পর বিজয়ের সভায় ধারাবাহিকভাবে বিপুল ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ২০২৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনকে (Assembly Election) সামনে রেখে চলছে তাঁর জোরদার প্রচার। তবে এর আগেও তাঁর সভা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। আদালত TVK-কে সতর্ক করেছিল যে, অনুমতি ছাড়াই বিজয়ের যাত্রা প্রায়শই রোডশোতে পরিণত হয় — যা নিরাপত্তার দিক থেকে বিপজ্জনক।

Advertisement
ads

এবারের মর্মান্তিক পদদলনের ঘটনার পর TVK-র সভা ফের একবার আলোচনার কেন্দ্রে। মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন (MK Stalin) ইতিমধ্যেই অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদেসানের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন।
এই কমিশন খতিয়ে দেখবে:

  • পুলিশ ভিড়কে অবহেলা করেছে কি না

  • বিজয়ের দেরিতে আসা জনসমাগম বাড়ানোর কৌশল (Strategy) ছিল কি না

  • এই গাফিলতির ফলেই কি এতবড় মর্মান্তিক ঘটনা ঘটেছে