প্রতারণা
VIP সাজতে গিয়ে পুলিশের জালে ভুয়ো আইএএস! ছয় বিলাসবহুল গাড়ি, জাল নথি উদ্ধার
ডিজিটাল ডেস্কঃ বিলাসবহুল গাড়ি, নীল বাতি, জাল পরিচয়পত্র—সব মিলিয়ে এক ‘হাই-প্রোফাইল’ ব্যক্তিত্বের ছদ্মবেশে ঘুরছিলেন এক যুবক। আর এতদিন বাদে সেই অভিনয়ের পর্দা ফাঁস করল উত্তরপ্রদেশ (Uttar Pradesh) পুলিশ। লখনউ (Lucknow)-তে গাড়ি তল্লাশির সময় ধরা পড়ে গেল এক ভুয়ো আইএএস অফিসার (Fake IAS Officer)। অভিযুক্তের নাম সৌরভ ত্রিপাঠি (Sourav Tripathi)।
নিজেকে প্রশাসনের উচ্চপদস্থ কর্তা হিসেবে পরিচয় দিত সে। পুলিশি জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, সৌরভ নানা সরকারি অনুষ্ঠানে হাজির থাকত, বড় বড় আমলার সঙ্গে বৈঠকে যোগ দিত। নিজেকে প্রভাবশালী হিসেবে তুলে ধরতে বিলাসবহুল গাড়ির কনভয় ব্যবহার করত—যার প্রতিটিতে ছিল নীল বাতি ও ভুয়ো স্টিকার। বাজেয়াপ্ত গাড়িগুলির মধ্যে রয়েছে রেঞ্জ রোভার ডিফেন্ডার, মার্সিডিজ-বেঞ্জ, টয়োটা ফরচুনার এবং তিনটি ইনোভা।
তল্লাশির সময় পুলিশের সন্দেহ হয়, কারণ সৌরভ নিজের ‘আইএএস’ পরিচয় দেখিয়ে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করার হুমকি দেয়। পরে থানায় নিয়ে গিয়ে তাঁর সব নথি জাল বলে প্রমাণিত হয়।
জানা গিয়েছে, সে কম্পিউটার সায়েন্সে B.Tech করে একটি এনজিও খোলে। সেখান থেকেই বড় আমলাদের সঙ্গে যোগাযোগ শুরু। ধীরে ধীরে তাদের চলাফেরা, আচরণ কপি করে নিজেকেও আইএএস সাজিয়ে নেয়। এমনকি সচিবালয়ে প্রবেশের ভুয়ো পাসও উদ্ধার করেছে পুলিশ।
লখনউ, নয়ডা ও মাউতে তিনটি বিলাসবহুল বাড়ি ভাড়া নিয়ে সে নিজেকে প্রভাবশালী কর্তা হিসেবে তুলে ধরত। পুলিশ এখন খতিয়ে দেখছে, এই পরিচয় ব্যবহার করে সে আর কোনও প্রতারণা করেছে কি না। ল্যাপটপ, মোবাইল ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে।


