খেলার খবর
শ্রেয়ার সুরে শুরু মহিলা ক্রিকেটের উদ্বোধন, আইসিসি ঘোষণা করল টিকিটের দাম
ডিজিটাল ডেস্কঃ সারাদেশ উচ্ছ্বাসে ভরপুর এখন শুধুই অপেক্ষা সেই মুহূর্তের, ৩০ সেপ্টেম্বর থেকে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ ম্যাচ (Women’s ODI World Cup)। গুয়াহাটিতে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। আইসিসির (ICC) তরফে ইতিমধ্যেই তাঁর নাম ঘোষণা করা হয়েছে।
শ্রেয়া আগেও ২০২৫ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে দর্শকদের মুগ্ধ করেছিলেন। এবারও তাঁর কণ্ঠে শোনা যাবে টুর্নামেন্টের অফিশিয়াল অ্যান্থেম ‘ব্রিং ইট অন’। যদিও উদ্বোধনী মঞ্চে তাঁর সঙ্গে আর কোনও শিল্পী থাকবেন কিনা, সে বিষয়ে এখনও কিছু জানায়নি আইসিসি।
এই ঘোষণার পাশাপাশি বিশ্বকাপের টিকিট বিক্রির বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে আইসিসি। এই প্রথমবার, আন্তর্জাতিক টুর্নামেন্টের টিকিট এত কম দামে ছাড়া হচ্ছে। গ্রুপ পর্বের দ্বিতীয় দফার টিকিট বিক্রি শুরু হবে ৯ সেপ্টেম্বর থেকে। দাম শুরু হচ্ছে মাত্র ₹১০০ থেকে। কম দামে টিকিট ছাড়ার লক্ষ্য— আরও বেশি দর্শককে মাঠে টেনে আনা এবং মহিলা ক্রিকেটে আগ্রহ বাড়ানো।
এছাড়া পুরুষদের তুলনায় পুরস্কারমূল্যের দিক থেকেও এগিয়ে এবারের মহিলা ওডিআই বিশ্বকাপ। মোট পুরস্কার মূল্য নির্ধারিত হয়েছে ১৩.৮৮ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ₹১২২ কোটি)। চ্যাম্পিয়ন দল পাবে ৪.৪৮ মিলিয়ন ডলার, যা ২০২২ সালের তুলনায় অনেক বেশি। উল্লেখযোগ্যভাবে, ২০২৩ সালে পুরুষদের বিশ্বকাপ জয়ী দল অস্ট্রেলিয়ার থেকেও বেশি অর্থ পাবেন এই বারের মহিলা চ্যাম্পিয়নরা।
আইসিসি আশাবাদী, এবারের আয়োজন মহিলাদের ক্রিকেটকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে।


