খেলার খবর
ড্রিম ইলেভেন ও বিসিসিআই-এর সম্পর্ক শেষ, এশিয়া কাপে নতুন স্পনসর খুঁজছে বোর্ড
আগেই জল্পনা চলছিল, অবশেষে তাতে সিলমোহর পড়ল। এশিয়া কাপের (Asia Cup) আগে ড্রিম ইলেভেনের (Dream11) সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। সোমবার ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন বোর্ডের সেক্রেটারি দেবজিৎ সইকিয়া।
তিনি বলেন, “অনলাইন গেমিং প্রোমোশন অ্যান্ড রেগুলেশন বিল, ২০২৫ (Online Gaming Promotion and Regulation Bill, 2025) পাশ হওয়ার পরেই ড্রিম ইলেভেনের সঙ্গে চুক্তি শেষ করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। শুধু তাই নয়, ভবিষ্যতে এই ধরনের কোনও সংস্থার সঙ্গে আর যুক্ত হবে না বিসিসিআই।”
উল্লেখ্য, আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। তার আগেই নতুন স্পনসর (Sponsor) জোগাড়ের কাজ শুরু করেছে বোর্ড কর্তারা। সূত্রের খবর, ইতিমধ্যেই বিভিন্ন সংস্থার সঙ্গে কথাবার্তা চলছে।
সোমবার সকাল থেকেই এই নিয়ে গুঞ্জন বাড়তে থাকে। বোর্ডের এক কর্তা জানান, ড্রিম ইলেভেনের প্রতিনিধিরা (Representatives) BCCI-এর অফিসে গিয়ে CEO হেমাং আমিনকে (Hemang Amin) জানান যে, তারা আর এই চুক্তির অংশ হতে পারবে না। তাই এশিয়া কাপে ভারতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না ড্রিম ইলেভেনের লোগো। বোর্ড শীঘ্রই নতুন টেন্ডার (Tender) আহ্বান করবে।
BCCI and Dream 11 are discontinuing their relationship after the Promotion and Regulation of Online Gaming Bill, 2025, was passed. BCCI will ensure not to indulge with any such organisations ahead in future: BCCI Secretary Devajit Saikia to ANI pic.twitter.com/RCJ5lTHvB3
— ANI (@ANI) August 25, 2025
প্রসঙ্গত, ২০২৩ সালে বিসিসিআই এবং ড্রিম ইলেভেনের মধ্যে চুক্তি হয়েছিল, যা ২০২৬ পর্যন্ত চলার কথা ছিল। এই তিন বছরে বোর্ডকে দেওয়ার কথা ছিল মোট ৩৫৮ কোটি টাকা। তবে মাঝপথেই সেই চুক্তি শেষ হলেও ড্রিম ইলেভেনকে কোনও ক্ষতিপূরণ (Compensation) দিতে হবে না। কারণ, চুক্তির সময় একটি বিশেষ শর্ত রাখা হয়েছিল— যদি আইনি কারণে তাদের মূল ব্যবসা স্থগিত হয়ে যায়, তবে চুক্তি ভাঙলেও কোনও ক্ষতিপূরণ দিতে হবে না।


