ডিজিটাল ডেস্কঃ ভারতে লুকিয়ে থাকা অবস্থায় অবশেষে আমেরিকার ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (FBI)–এর জালে ধরা পড়লেন সিন্ডি রডরিগেজ সিং (Cindy Rodriguez Singh)। নাবালক ছেলে নোয়েল আলভারেজ (Noel Alvarez)–কে খুনের অভিযোগে দীর্ঘদিন ধরে এফবিআই–এর ‘Most Wanted’ তালিকায় ছিলেন তিনি। বৃহস্পতিবার তাঁর গ্রেফতারির বিষয়টি নিশ্চিত করেন তদন্তকারী সংস্থার ডিরেক্টর কাশ প্যাটেল (Kash Patel)। জানা গিয়েছে, ধৃতকে দ্রুত আমেরিকায় প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু হয়েছে।
২০২৩ সালের মার্চ মাসে ছেলের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছিলেন সিন্ডি নিজেই। কিন্তু তদন্তে উঠে আসে ভয়াবহ তথ্য। ওই মাসের ২২ তারিখে স্বামী অর্জদীপ সিং (Arjdeep Singh)–সহ ছয় সন্তানকে নিয়ে ভারতে পাড়ি দেন তিনি, কিন্তু বিমানে ছিলেন না নোয়েল। তদন্তকারীদের বিভ্রান্ত করতে প্রথমে জানান, শিশুটি মেক্সিকোতে তার জৈবিক বাবার কাছে রয়েছে। অথচ নোয়েলকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০২২ সালের অক্টোবরে। শিশুটি দীর্ঘদিন ধরে ফুসফুসের সমস্যায় ভুগছিল, অক্সিজেনের প্রয়োজন ছিল নিয়মিত। অভিযোগ, তাকে অনাহারে রাখা হত, এমনকি জলটুকুও দেওয়া হত না।
২০২৪ সালের অক্টোবরে ইন্টারপোল তাঁর বিরুদ্ধে রেড নোটিস জারি করে। এ বছরের জুলাই মাসে এফবিআই তাঁকে ‘Most Wanted’ তালিকায় রাখে এবং খোঁজ দিলে প্রথমে ২৫ হাজার ডলার, পরে তা বাড়িয়ে আড়াই লক্ষ ডলার পুরস্কার ঘোষণা করা হয়।
কাশ প্যাটেল জানান, সিন্ডির বিরুদ্ধে ‘Unlawful Flight to Avoid Prosecution’ এবং শিশুহত্যার জন্য ‘Capital Murder’ মামলা চলবে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “ন্যায়ের পথ আটকানো যায় না। দুর্বলদের কষ্ট দেওয়া যে-ই হোক, তাকে আইনের হাতে ধরা পড়তেই হবে।”