ভাইরাল খবর
২০১৮-র তৃণমূল কর্মী খুন মামলা: চার্জশিটভুক্ত আসামি হিসেবে আদালতে প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
ডিজিটাল ডেস্কঃ পুরনো একটি মামলায় বৃহস্পতিবার দিনহাটা মহকুমা আদালতে হাজিরা দিতে এলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। আদালত চত্বরে তার আগমনের আগে থেকেই পুলিশ প্রশাসনের তরফে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তবে আদালতের হাজিরা শেষে বাড়ি ফেরার পথে ঘটে বিক্ষোভের ঘটনা।
জানা গিয়েছে, ২০১৮ সালে দিনহাটার গীতালদহ এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মী আবু মিয়া (Abu Miah) খুনের ঘটনায় দায়ের হয় মামলা। প্রাথমিকভাবে ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ থাকলেও পরে পুলিশ ২৪ জনের নামে চার্জশিট পেশ করে। সেই তালিকায় ২৪ নম্বর আসামি হিসেবে নাম রয়েছে নিশীথ প্রামাণিকের। উল্লেখযোগ্য বিষয়, ওই সময় তিনি তৃণমূল যুব কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন।
আদালতে হাজিরা দেওয়ার পর বাড়ির উদ্দেশ্যে কনভয় রওনা দিলে শুরু হয় উত্তেজনা। অভিযোগ, স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা কালো পতাকা দেখান এবং “গো ব্যাক” স্লোগান তোলেন। এমনকি নিশীথ প্রামাণিকের গাড়ি লক্ষ্য করে ডিম ও পাথর ছোড়ার ঘটনাও ঘটে বলে অভিযোগ। যদিও পরিস্থিতি সামাল দিতে দ্রুত মোতায়েন ছিল পুলিশ।
এই প্রসঙ্গে নিশীথ প্রামাণিক বলেন, “আমার বিরুদ্ধে যে মামলা চলছে, তাতে এখনও পর্যন্ত ভারতে (India) কাউকে সাজা হয়নি। আমি বিশ্বাস করি, একদিন আমিও এই মামলা থেকে মুক্তি পাব।” তবে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্পূর্ণ ভিন্ন সুর শোনা যায়। জেলা কমিটির সম্পাদক পার্থ সাহা (Partha Saha) বলেন, “বিজেপি যেভাবে বাঙালিদের ওপর অত্যাচার চালাচ্ছে, তাতে যে কোনও বিজেপি নেতাই এলে সাধারণ মানুষ প্রতিবাদ জানাবে।”
দিনহাটা আদালতের এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই উত্তপ্ত রাজনৈতিক মহল। নিরাপত্তা, আদালত চত্বরে বিক্ষোভ এবং পাথরবাজি—সব মিলিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।


