ভাইরাল খবর
বাংলাভাষীদের উপর অত্যাচারের প্রতিবাদে রাজপথে মুখ্যমন্ত্রী, এবার গন্তব্য জঙ্গলমহল
ডিজিটাল ডেস্কঃ বাংলা ভাষার উপর বারবার আঘাত, অন্য রাজ্যে বাংলা ভাষাভাষী শ্রমিকদের উপর অত্যাচার এবং তাঁদের ‘বাংলাদেশি’ বলে অপমান—এই সব ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদে পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলকাতা ও শান্তিনিকেতনের পরে এবার তাঁর গন্তব্য জঙ্গলমহলের হৃদয়স্থান ঝাড়গ্রাম (Jhargram)।
আগামী ৬ আগস্ট, ঝাড়গ্রাম শহরের রাজবাড়ি মোড় থেকে সার্কাস ময়দান পর্যন্ত বিশিষ্টজনদের সঙ্গে নিয়ে Language Movement Rally-তে অংশ নেবেন মুখ্যমন্ত্রী নিজে। রাজ্যের বিভিন্ন সম্প্রদায়, আদিবাসী সমাজ, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন, পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্বজ্জনেরা এই মিছিলে শামিল হবেন বলে তৃণমূল সূত্রে জানা গেছে।
মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে। বুধবার কলকাতার বিধানসভা ভবনে এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বৈঠকে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার তৃণমূল সভাপতি বিধায়ক দুলাল মুর্মু, দেবনাথ হাঁসদা, খগেন্দ্রনাথ মাহাতো-সহ জঙ্গলমহলের নেতৃত্ব।
আরও পড়ুনঃ দক্ষিণেশ্বর মন্দিরে মেয়েকে নিয়ে পুজো দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
বৈঠকে মিছিলের রূপরেখা, নিরাপত্তা ব্যবস্থা ও লজিস্টিকস সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জানা গেছে, মুখ্যমন্ত্রীর সফরের একদিন আগেই জঙ্গলমহলে পৌঁছে যাবেন ফিরহাদ হাকিম, খতিয়ে দেখবেন চূড়ান্ত প্রস্তুতি।
প্রসঙ্গত, গত কয়েক মাসে বাংলার পরিযায়ী শ্রমিকরা উত্তর ও পশ্চিম ভারতের বেশ কয়েকটি রাজ্যে আক্রান্ত হয়েছেন। তাঁদের বাংলা বলার কারণে ‘বাংলাদেশি’ বলে চিহ্নিত করে মারধর, লুটপাট, পরিচয়পত্র কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এ সব ঘটনার পেছনে BJP-র ভাষাগত বিদ্বেষ ও সাম্প্রদায়িক রাজনীতি কাজ করছে। তারই প্রতিবাদে এবার জঙ্গলমহলের পথে নেত্রী।
