ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ সময় রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা দিলীপ ঘোষ (Dilip Ghosh) এখন যেন একান্তেই নিঃসঙ্গ এক সেনানী। মেদিনীপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বর্তমানে রাজনৈতিক ও ব্যক্তিগত জীবন—দু’দিক থেকেই চাপের মধ্যে। সম্প্রতি এক ভাইরাল ভিডিও ঘিরে বিতর্কের মাঝেই এবার নিজের বাড়িতে ২১ দিনব্যাপী ‘সুন্দরকাণ্ড’ পাঠ শুরু করলেন দিলীপবাবু। সোমবার, খড়গপুরের নিজস্ব বাসভবনে রামায়ণের এই অধ্যায়ের পাঠের সূচনা করেন তিনি। সঙ্গে ছিলেন পুরনো দিনের কিছু অনুগামী ও মেদিনীপুরের প্রাক্তন বিজেপি কর্মীরা।
এর আগেই, মেদিনীপুর শহরের এক শিবমন্দিরে পুজো দিয়ে হনুমানজীর আরাধনা করেন তিনি। দলের অন্দরে ক্রমশ কোণঠাসা হয়ে পড়া, একের পর এক বিতর্কে জড়িয়ে পড়া, আর রাজনীতির মূল স্রোত থেকে কিছুটা দূরে চলে যাওয়া—এই সব কিছুরই যেন প্রতিকারের চেষ্টা করছেন হনুমানজীর শরণে গিয়ে।
আরও পড়ুনঃ ছাত্র মানেই পিছিয়ে নয়, রায়গঞ্জের স্কুলে লাস্ট বেঞ্চ উঠিয়ে নতুন দৃষ্টান্ত
ভাইরাল হওয়া বিতর্কিত ভিডিও সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, “সাইবার ক্রাইম সেলে অভিযোগ দায়ের করেছি। আইন নিজের পথে চলবে।” একইসঙ্গে রাজ্যের শাসনব্যবস্থা নিয়েও ক্ষোভ উগরে দেন তিনি। তাঁর কথায়, “বাংলায় কেউ শান্তিতে নেই। যে কোনও মানুষের চরিত্রহননের চেষ্টা এখন রোজকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।”
প্রসঙ্গত, দিলীপ ঘোষ এক সময় দুই মেদিনীপুরের অলিগলিতে যে দাপট দেখিয়েছেন, বর্তমানে সেই প্রভাব অনেকটাই ম্লান। তবে রাজনৈতিক ‘সঙ্কট’ কাটাতে এবার তিনি ভরসা রাখছেন ভগবান রাম ও হনুমানের আশীর্বাদে। দেখা যাক, সুন্দরকাণ্ড পাঠ শেষে তাঁর জীবনে নতুন কোনও মোড় আসে কিনা।