দেশের খবর
দ্বিদেশীয় সফরে প্রধানমন্ত্রী: ব্রিটেনে FTA, মালদ্বীপে কৌশলগত বার্তা নিয়ে যাচ্ছেন মোদি
ডিজিটাল ডেস্কঃ আগামী ২৩ থেকে ২৬ জুলাই ব্রিটেন ও মালদ্বীপ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এই সফর কেবলমাত্র দ্বিপাক্ষিক সৌজন্য নয়, বরং ভারতের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলেই মনে করছে কূটনৈতিক মহল।
সফরের প্রথম ভাগে ২৩ ও ২৪ জুলাই মোদি পৌঁছাবেন লন্ডনে। মূল লক্ষ্য, বহু প্রতীক্ষিত India-UK Free Trade Agreement (FTA) স্বাক্ষর করা। এই চুক্তির ফলে ভারতের প্রায় ৯৯ শতাংশ রপ্তানি পণ্যের উপর থেকে শুল্ক কমবে, যা তৈরি করবে একটি নতুন বাণিজ্য সুযোগের দ্বার। পাশাপাশি, ব্রিটেন থেকে প্রিমিয়াম হুইস্কি ও বিলাসবহুল গাড়ির আমদানিতে জটিলতা কমবে। কেন্দ্রীয় সূত্রের মতে, দীর্ঘ তিন বছরের আলোচনার ফলস্বরূপ এই চুক্তি দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিধি অনেকটাই বাড়াবে। শুধু অর্থনৈতিক নয়, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রেও এই চুক্তি নতুন দিশা দেখাবে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ তৃণমূলের মিছিলে মমতা-অভিষেকের বিরুদ্ধেই স্লোগান, ভাইরাল ভিডিও ঘিরে অস্বস্তি শাসকদলে
এরপর ২৫ ও ২৬ জুলাই প্রধানমন্ত্রী যাবেন মালদ্বীপে। সে দেশের ৬০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘Chief Guest’ হিসেবে আমন্ত্রিত হয়েছেন তিনি। প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু (Mohamed Muizzu)-র আমন্ত্রণে তাঁর এই সফর দুই দেশের মধ্যকার সাম্প্রতিক টানাপোড়েনকে প্রশমিত করার একটি বড় কূটনৈতিক প্রয়াস। উল্লেখ্য, মুইজ্জুর শাসনকালেই মালদ্বীপে ‘India Out’ আন্দোলন মাথাচাড়া দিয়েছিল এবং চিনের প্রভাবও সেখানে ক্রমশ বাড়ছিল। এই পরিস্থিতিতে মোদির সফর ভারতের ‘Neighbourhood First’ নীতিকে ফের মজবুত ভিত্তি দেবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
এই সফর শুধু বন্ধুত্বের বার্তা নয়, বরং ভারত মহাসাগর অঞ্চলে ভারতের প্রভাব বজায় রাখার একটি কৌশলগত পদক্ষেপ হিসেবেও বিবেচিত হচ্ছে।
