দিন কয়েক আগে ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা যায়, রাস্তায় ফেলে অনিল দাসকে বেধড়ক মারধর করছেন বেবি কোলে ও আরও কয়েকজন মহিলা। এক মহিলাকে চপ্পল দিয়ে মারতেও দেখা যায়। ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিরোধীরা শাসকদলের বিরুদ্ধে তোপ দাগে, এমনকি তৃণমূল (TMC) নিজেও এই ঘটনার নিন্দা করে অভিযুক্ত নেত্রীকে শোকজ করে এবং থানায় লিখিত অভিযোগও দেয়।
তবুও এখনও পর্যন্ত বেবি কোলের গ্রেফতার হয়নি। অনিল দাস অভিযোগ করেন, “পুলিশ তাদের ধরে আনছে, আবার ছেড়ে দিচ্ছে। প্রশাসনের এভাবে পক্ষপাতদুষ্ট আচরণ আগে কখনও দেখিনি।”
আরও পড়ুনঃ তৃণমূল যোগ নাকি নতুন চমক? দিলীপ ঘোষের ‘২১ তারিখ’ মন্তব্যে চর্চা তুঙ্গে
এই পরিস্থিতিতে হাইকোর্টে মামলা দায়ের করেন অনিল দাস। তাঁর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় (Sabyasachi Chattopadhyay) জানান, খড়্গপুর টাউন থানায় অভিযোগ দায়ের হলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। তাই ন্যায়বিচারের আশায় আদালতের শরণাপন্ন হয়েছেন তাঁর মক্কেল। এই মামলা আগামী সপ্তাহে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের (Justice Tirthankar Ghosh) এজলাসে উঠতে পারে।
এদিকে, অনিল দাসের উপর হামলার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-কে খোলা চিঠি লিখেছেন তাঁর স্ত্রী সুস্মিতা দাস (Sushmita Das)। চিঠিতে তিনি দাবি করেন, “আমার স্বামীর উপর ন্যক্কারজনক হামলার সঠিক বিচার হোক। আমি একজন নাগরিক হিসেবে মুখ্যমন্ত্রীর কাছে ন্যায় চাই।”
ঘটনার জল ক্রমেই গড়াচ্ছে আইনি পথে। এখন দেখার, আদালতের হস্তক্ষেপে বেবি কোলের গ্রেফতার হয় কি না।