বাংলাদেশ
ভারতের কাছ থেকে ধাক্কা খেয়ে এইবার জাপানের কাছে হাত পেতেছেন বাংলাদেশ
ডিজিটাল ডেস্ক: চার দিনের জাপান সফরে রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস (Mohammad Yunus)। বুধবার দুপুরে তিনি টোকিও (Tokyo) পৌঁছেছেন। এই সফরে পাঁচটি সমঝোতা স্মারকসহ (MoUs) একাধিক চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। জাপানের কাছ থেকে বড় অঙ্কের আর্থিক সহায়তাও চাওয়া হয়েছে। ভারত থেকে ব্যবসায় বড় আঘাত পেয়ে বর্তমানে ইউনুস বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা জোরদার করতে চেষ্টা করছেন।
টোকিও বিমানবন্দরে তাকে স্বাগত জানান জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মহম্মদ দাউদ আলী (Mohammad Daud Ali)। ইউনুস নিক্কেই ফোরামের ‘ফিউচার অফ এশিয়া’ সম্মেলনে অংশ নেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা (Shigeru Ishiba) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তার দেশে প্রত্যাবর্তনের দিন নির্ধারিত হয়েছে ৩১ মে।
আরও পড়ুনঃ গ্রামে ঋতুকালীন সচেতনতায় নজির, স্যানিটারি প্যাড মেশিন পেল স্বনির্ভর গোষ্ঠী
গত মঙ্গলবার ঢাকায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম (Shafiqul Alam) জানান, এই সফরে জাপান-বাংলাদেশের সহযোগিতা আরও গভীর করার বিষয় আলোচ্য হবে। বিশেষত ঢাকা থেকে জনশক্তি রপ্তানি ও জাপানে নাগরিক পাঠানোর লক্ষ্যের ওপর গুরুত্ব দেওয়া হবে।
এছাড়া ইউনুস একটি সেমিনারও করবেন যেখানে তিনশোর বেশি জাপানি বিনিয়োগকারী উপস্থিত থাকবেন। সেখানে বাংলাদেশে বিনিয়োগকারীদের জন্য সুবিধাসমূহ তুলে ধরা হবে।
সূত্র জানায়, দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক ও দুটি ‘এক্সচেঞ্জ অফ নোটস’ (Exchange of Notes) স্বাক্ষরিত হতে পারে। পাশাপাশি বাংলাদেশ জাপানের কাছ থেকে এক বিলিয়ন মার্কিন ডলারের বাজেট সহায়তা চাওয়ার পরিকল্পনা করছে।
বিশ্লেষকরা বলছেন, বর্তমান আর্থিক সংকট ও ভারতের স্থলপথে পণ্যের আমদানি বন্ধের ফলে বাংলাদেশ এখন জাপানের কাছে নির্ভরশীল হয়ে উঠেছে। ইউনুসের এই সফর সেই চ্যালেঞ্জ মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
