মালদা
গ্রামে ঋতুকালীন সচেতনতায় নজির, স্যানিটারি প্যাড মেশিন পেল স্বনির্ভর গোষ্ঠী
ডিজিটাল ডেস্কঃ একবিংশ শতাব্দীতেও ভারতীয় সমাজে ঋতুকালীন স্বাস্থ্য নিয়ে খোলাখুলি আলোচনা একপ্রকার ট্যাবু হিসেবেই বিবেচিত। শহুরে পরিসরেই যেখানে বিষয়টি নিয়ে নানা ছুঁতমার্গ ও সংকোচ রয়েছে, সেখানে গ্রামীণ ভারত এখনও অনেকাংশে অন্ধকারেই রয়ে গিয়েছে। এই প্রেক্ষিতে মালদা জেলার কালিয়াচক ২ নম্বর ব্লকের আলিনগর গ্রাম পঞ্চায়েত এক প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
বুধবার গ্রাম পঞ্চায়েত চত্বরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এলাকার দশটি স্বনির্ভর গোষ্ঠীর (Self Help Groups) হাতে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন তুলে দেওয়া হয়। শুধু তাই নয়, প্রায় ৫০০ জন গ্রামীণ মহিলার মধ্যে দু’প্যাকেট করে স্যানিটারি ন্যাপকিনও বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন (Sabina Yasmin), পঞ্চায়েত প্রধান আখতারী খাতুন (Akhtari Khatun) সহ অন্যান্য প্রশাসনিক ও পঞ্চায়েত কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ ঋণের চাপে স্ত্রী ও কন্যাকে খুন করে আত্মঘাতী স্বামী, শোকস্তব্ধ এলাকা
অনুষ্ঠানের অংশ হিসেবে এক সচেতনতামূলক আলোচনাসভারও আয়োজন করা হয়, যেখানে ঋতুকালীন স্বাস্থ্য, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্যানিটারি প্যাড ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়।
পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, ভবিষ্যতে এই স্বনির্ভর গোষ্ঠীর সদস্যারা নিজেরাই স্যানিটারি প্যাড উৎপাদন করে তা স্বল্পমূল্যে স্থানীয় মহিলাদের মধ্যে বিক্রি করবেন, যাতে আরও বেশি সংখ্যক নারী এই পরিষেবার আওতায় আসতে পারেন।
আলিনগর গ্রাম পঞ্চায়েতের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। স্থানীয়দের মতে, এমন উদ্যোগ মহিলাদের স্বাস্থ্যের সুরক্ষায় যেমন সহায়ক হবে, তেমনই সমাজে ঋতুস্রাব সংক্রান্ত কুসংস্কার ও লজ্জার আবরণও ধীরে ধীরে সরে যাবে।
