দুর্ঘটনা
বিনা পাসপোর্টে ভারত হয়ে নেপাল! সীমান্তেই ধরা পড়ল মায়ানমারের নাগরিকেরা
ডিজিটাল ডেস্কঃ নেপাল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল এসএসবি (SSB)। পানিট্যাঙ্কি (Panitanki) সীমান্তে ছয়জন মায়ানমারের (Myanmar) নাগরিককে গ্রেফতার করা হয়েছে, যাঁরা নেপালে প্রবেশের চেষ্টা করছিলেন বলে অভিযোগ। ধৃতদের মধ্যে রয়েছেন একজন মহিলা-সহ মোট ছয়জন। শনিবার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে বলে খড়িবাড়ি (Kharibari) থানার পুলিশ এবং এসএসবি সূত্রে খবর।
এসএসবির ১৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় প্রথমে তিনজনকে জিজ্ঞাসাবাদ করেন। এরপর আরেক দলে থাকা তিনজনকে আটক করা হয়। প্রাথমিক জেরায় ধৃতরা বিভ্রান্তিকর তথ্য দেয়, যার পর তাদের আরও কড়া জিজ্ঞাসাবাদ করা হয়। শেষপর্যন্ত ধৃতরা স্বীকার করে যে তারা মায়ানমারের নাগরিক।
আরও পড়ুনঃ পূর্ণম সাউ ইস্যুর পাল্টা বার্তা? বিএসএফের হাতে ধরা পড়ল পাকিস্তানি জওয়ান
এসএসবি জানিয়েছে, ধৃতরা দীর্ঘদিন আগেই অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং দিল্লিতে (Delhi) গিয়ে আধার কার্ড বানিয়েছে। তাদের কারও কাছে বৈধ পাসপোর্ট বা ভিসা ছিল না। ধৃতদের নাম—ফ্রান্সিস টক লিয়ান সাং (Francis Tok Lian Sang, ২০), ভান জা লিয়ান (Vhan Za Lian, ২০), রোলান্ড নল ট্লিং লিয়ান (Roland Nol Tling Lian, ২৩), মাঝি ময়ো হতইলি (Maji Mayo Hateli, ২৬), নও থাউঙ্গ (Naw Thaung, ২৭) এবং লঙ গেইহি নিয়াং (Long Geihi Niyang, ২৮)।
তদন্তে ধৃতরা দাবি করেছে, তারা কলেজ পড়ুয়া এবং পড়াশোনার উদ্দেশ্যেই নেপালে যাচ্ছিল। তবে বৈধ কাগজপত্র না থাকায় এবং ভারতীয় পরিচয়পত্র জালভাবে তৈরি করার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
ধৃতদের রবিবার খড়িবাড়ি থানার মাধ্যমে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। ঘটনায় বিদেশি নাগরিক আইনে মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
